ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণার পর বৃহস্পতিবার বিএবি তাদের আগ্রহ দেখায়।
তবে কী পরিমাণ বিনিয়োগ তারা করতে চায়, সে বিষয়ে কিছু জানায়নি সংগঠনটি। সরকার আগ্রহী হলে আলোচনা করে তা নির্ধারণ করা হবে বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “গত ৭ জুলাই বিএবি’র ১৬২তম জরুরি সভায় দেশের বৃহত্তর স্বার্থে সরকার চাইলে ২৯টি বেসরকারি ব্যাংক তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগ করবে বলে সিদ্ধান্ত হয়।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেকটা ব্যাংক নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কী পরিমাণ বিনিয়োগ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
“বেসরকারি ব্যাংকগুলোর কাছে সরকারের কী পরিমাণ অর্থ প্রয়োজন, সে বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিএবির আগে বীমা কোম্পানিগুলোর সংগঠন বংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন পদ্মা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24