২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: মোবাইল কলে সারচার্জের সুপারিশ ডিসিদের

নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে মোবাইল ফোনের কলপ্রতি দশ পয়সা সারসার্জ নির্ধারণের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে মোবাইল ফোনের কলপ্রতি দশ পয়সা সারসার্জ নির্ধারণের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসি সম্মেলনের শেষদিনে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত অধিবেশনে জেলা প্রশাসকরা এ সুপারিশ পেশ করেন। বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের এ কথা জানান। পদ্মা সেতু নির্মাণে মোবাইল ফোনের কলে সারচার্জ নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। চুক্তি বাতিল হওয়ায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, নিজস্ব অর্থায়নেই যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদে একটি সিদ্ধান্তও নেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে রাজিউদ্দিন রাজু বলেন, সরকারি ডাক মাধ্যমের চেয়ে মোবাইল ফোনে অর্থ পাঠানোর পদ্ধতিতে ডাকবিভাগ এখন অনেক কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ডিসিরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটরের টেলিটককে অফিসিয়াল মুঠোফোন ঘোষণা বাস্তবায়নে ডিসিদের টেলিটক সিম দেওয়া হবে। টেলিটক মোবাইলের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘থ্রিজি’ সেবা আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু করবে বলেও জানান মন্ত্রী। ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে অপটিক্যাল ফাইবার সংযোগ দেওয়ার দাবিও জানান ডিসিরা। তাদের এ দাবির বিষয়ে রাজু বলেন, ডিসিদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার পর্যায়ক্রমে সব জেলায় ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, বৈঠকে খুলনার ডিসি সুন্দরবনে একটি টেলিটকের টাওয়ার স্থাপনের মাধ্যমে বঙ্গোপসাগর এলাকার জেলেদের মোবাইল নেটওয়ার্কের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২০৩ ঘ.