চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহারের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।
বৃহস্পতিবার সিসিসি মিলনায়তনে নগরীর বিভিন্ন কাঁচা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মেয়র বলেন, “প্রতিবছর রমজান আসলেই এক শ্রেণীর ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এতে ক্রেতারা দুর্মূল্যের বাজারে প্রতিদিনের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খান।”
তিনি ব্যবসায়ীদেরকে অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতা ত্যাগ করার আহবান জানিয়ে পণ্যে ফরমালিন মেশানো এবং পঁচা-বাসি খাবার বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সভায় সিসিসি’র প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার আহমেদুল হক, চকবাজার কাঁচাবাজের ব্যবসায়ী হাজী ইছহাক, বহদ্দারহাট কাঁচাবাজারের আবদুল্লাহ মামুন, দেওয়ানহাটের ব্যবসায়ী মো. উজ্জ্বল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪৯ ঘ.
bdnews24