২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চালকদের ধর্মঘট চলছে

পুলিশের লাঠিপেটার পরও ১০ দফা দাবিতে অটোরিকশা চালকদের ধর্মঘট টানা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের লাঠিপেটার পরও ১০ দফা দাবিতে অটোরিকশা চালকদের ধর্মঘট টানা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। চালকদের সংগঠনের নেতারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতো বাঁধাই আসুক না কেন আমরা আমাদের নায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাবো।” আগের দুদিনের মতো শুক্রবারও রাজধানীর রাস্তা ছিল প্রায় অটোরিকশাহীন। অবশ্য রাস্তায় কিছু ‘প্রাইভেট’ অটোরিকশা চলাচল করতে দেখা যায়। হানিফ বলেন, “ধর্মঘট চলাকালীন বড়ো ধরনের কোনো সমাবেশ না করলেও নিজ নিজ এলাকায় মিছিল ও বিক্ষোভের মাধ্যমে ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছে।” ১০ দফা দাবিতে অটোরিকশা চালকদের ধর্মঘট চলাকালীন গত বৃহস্পতিবার চালকদের সমাবেশে বাধা দেয় পুলিশ। এসময় তাদের লাঠিপেটা করার ঘটনাও ঘটে। তবে চালকদের অভিযোগ, পুলিশের পাশাপাশি অটোরিকশা মালিক সংগঠনের নেতারাও তাদের উপর হামলা চালায়। সমাবেশে পুলিশের হামলা প্রসঙ্গে হানিফ দাবি করেন, তাদের পুর্বঘোষিত ‘শান্তিপূণর্’ সমাবেশ চলার সময় পুলিশ মালিক সংগঠনগুলোর উস্কানিতে তাদের উপর হামলা চালায়। পুলিশের লাঠিপেটায় আহত হন হানিফও। এতে তার বাঁ হাত ভেঙে গেছে বলে জানান তিনি। ওই সময় পুলিশের পাশাপাশি মালিক পক্ষের অনেককেই সক্রিয় দেখা যায় বলেও অভিযোগ করেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এই নেতা। তিনি আরো অভিযোগ করেন, সরকার অটোরিকশা চালকদের দৈনিক ৬০০ টাকা জমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মালিকরা তা না মেনে সাড়ে ৭শ’ থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত জমা আদায় করে আসছে। “আর এ কারণেই মিটারে অটোরিকশা চালানো আমাদের পক্ষে সম্ভব ছিলো না। আমরা বিআরটিএ ও যোগাযোগ মন্ত্রণালয়ে কয়েকদফা এ নিয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি।” তবে হানিফের এ অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সব মিথ্যা ও বানোয়াট। আমরা অনেক আগেই জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মনে হয় আন্দোলন বেগবান করার কৌশল হিসেবে তারা (চালকরা) এ ধরনের কথা বলছে।” অধিক হারে জমার টাকা আদায়ের অভিযোগ প্রসঙ্গে নাজমুল হাসান যুক্তি দেখান, দৈনিক জমার টাকা যে সময় নির্ধারণ করা হয় সেসময়ের তুলনায় বাজারে এখন নিত্যপণ্যের দাম দ্বিগুণ। এজন্য মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী জমার টাকা সাতশ’ টাকা নির্ধারণ করা হয়। তবে এক হাজার ৪শ’ টাকা জমা আদায়ের অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে তিনি দাবি করেন। চালকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- নতুন পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের গ্যারেজে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা পার্কিং জোন স্থাপন, চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পুনঃপরীক্ষা বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/২০৫৬ ঘ.