আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের কাছে ধরনা দেবে না বলে সিদ্ধান্ত জানালেও পদ্মা সেতুতে সংস্থাটির অর্থায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “আমি আশা করছি, এই মাসের মধ্যেই বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া পাব।”
বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলার দুই দিন আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য এই মুহূর্তে বিশ্ব ব্যাংকের কাছে কোনো অনুরোধ জানাবে না সরকার।
অর্থমন্ত্রী অবশ্য বলেছেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই মুহূর্তে তাদের কোনো চিঠি দেওয়া হবে না।
তবে একইসঙ্গে তিনি বলেন, “ওয়াশিংটনে আমাদের নির্বাহী পরিচালক বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ঢাকায় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গেও আমাদের আলোচনা চলবে।”
মুহিত আশা করছেন, বিশ্ব ব্যাংক তাদের ‘ভুল’ বুঝতে পেরে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
বিশ্ব ব্যাংক থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে তারপর সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে গত ২৯ জুন ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
এরপর থেকে বিষয়টি নিয়ে দেশে আলোচনা চলছে। গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা শুরুর পর মালয়শিয়ার সঙ্গেও আলোচনা এগিয়ে নেয় সরকার।
এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা হবে। গত ৮ জুলাই সংসদে দেওয়া বক্তব্যে অর্থায়নের রূপরেখাও ঘোষণা করেন তিনি।
দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল এবং সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির সিদ্ধান্তেরও সমালোচনা করেন মুহিত।
তিনি বলেন, “আমি মনে করি, তারা (বিশ্ব ব্যাংক) ঋণচুক্তি বাতিল করে অভদ্রতা করেছে। তারা অবশ্যই তাদের ভুল বুঝতে পেরে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং এই মাসের মধ্যেই তারা ইতিবাচক কিছু জানাবে।”
ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।
“সেখানে আমাদের বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলামের সঙ্গে তার আলোচনা হবে বলে আশা করি। এছাড়া অ্যালেন ঢাকায় ফেরার পর তার সঙ্গে বিষয়টি নিয়ে আমাদেরও আলোচনা হবে,” বলেন মুহিত।
বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলেও পদ্মা প্রকল্পে অর্থায়নকারী অন্য তিন সংস্থা এডিবি, জাইকা ও আইডিবি তাদের অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “এডিবি, জাইকা ও আইডিবি- প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তারা এখনো আমাদের সঙ্গেই আছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি। বিশ্ব ব্যাংক যাতে পদ্মা সেতুতে ফিরে আসে, সে জন্য এই তিন সংস্থাকে আমরা তৎপরতা চালাতে বলেছি।”
প্রকল্পের মূল অর্থ যোগানদাতা বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির এক বিবৃতিতে বলা হয়, তারা এই সব ক্ষেত্রে বিশ্ব ব্যাংককে অনুসরণ করে থাকে।
তবে জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবি পদ্মা প্রকল্প থেকে এখনো সরে যায়নি।
অর্থমন্ত্রী সোমবার দাতা সংস্থা ও দেশগুলোর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন, বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করলেও এডিবি, আইডিবি, জাইকাসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত এ বিষয়ে এখনো কোনো বিরূপ মন্তব্য করেনি।
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে বরাবরই আশাবাদী মুহিত বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। বিশ্ব ব্যাংক যে অভিযোগ করেছে, তা সম্ভাব্য দুর্নীতির আশঙ্কা থেকে করেছে।”
দেশের বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে এডিবির ৬১ কোটি, জাইকার ৪০ কোটি এবং আইডিবির ১৪ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করে। এর নয় মাসে মাথায় এসে তারা ঋণচুক্তি বাতিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২২৪৫ ঘ.
bdnews24