২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির বাজার অস্থিরের চক্রান্ত চলছে: শিল্পমন্ত্রী

রমজানে চিনির বাজার অস্থির করতে একটি চক্র সক্রিয় বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। তবে কারা এই চক্রান্তে জড়িত, তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে চিনির বাজার অস্থির করতে একটি চক্র সক্রিয় বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। তবে কারা এই চক্রান্তে জড়িত, তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন- বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, একটি চক্র কৃত্রিমভাবে প্রতিকেজি চিনি ৪৮ টাকায় বিক্রি করছে। তাদের উদ্দেশ্য, সরকার যেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। তিনি বলেন, “চিনির উৎপাদন মূল্য বর্তমানে ৮৫ টাকা। সরকার ৫৫ টাকায় চিনি কিনে প্যাকেট করে তা ৬০ টাকায় বিক্রি করছে। এখানে আমরা কেজি প্রতি ২৫ টাকা ভর্তুকি দিচ্ছি। অথচ একটি চক্র কৃত্রিমভাবে ৪৮ টাকা দরে চিনি বিক্রি করছে। “এই চক্র চায়, সরকার যেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। সরকার ব্যর্থ হলেই তারা বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।” এই চক্রে কারা রয়েছে- জানতে চাইলে দিলীপ বড়–য়া বলেন, “তা আপনারাই (সাংবাদিকরা) খুঁজে নিন।” সরকার চিনি আমদানির পরিকল্পনা বাদ দিয়ে দেশ থেকে ৪৮ টাকায় কেন চিনি কিনছে না- জানতে চাইলে তিনি বলেন, “যারা ৪৮ টাকায় চিনি বিক্রি করছে, তারা এ সংক্রান্ত টেন্ডারে অংশগ্রহণ না করায় এটা সম্ভব হচ্ছে না।” শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে শিল্প সচিব এ এইচ মাসুদ সিদ্দিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, বিসিক চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জুলাই বিসিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিকের প্রতিষ্ঠা ১৯৫৭ সালে। এই সংস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় গত ৫৫ বছরে ৯৬ হাজার ক্ষুদ্র শিল্প ও ৬ লাখ ৪১ হাজার কুটির শিল্প গড়ে উঠেছে, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএইচএ/এমআই/১৭৩৮ ঘ.