২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সম্মেলনঅতিরিক্ত মুনাফা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রোজা সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হলে ‘কঠোর’ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হলে ‘কঠোর’ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। একইসঙ্গে রোজায় বাজার তদারকির চলমান প্রক্রিয়া আরো জোরদার করতে বলেছেন তিনি। চলমান ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বাণিজ্য সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়াও বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদের সভাকক্ষে এ বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেন, “কোনো ব্যবসায়ী যৌক্তিক মুনাফার বাইরে মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।” বাণিজ্য মন্ত্রী বলেন, সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের চেষ্টা করছে। এ আইনের বিষয়ে ডিসেদের বিস্তারিত জানানো হয়েছে এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জেলা পর্যায়ে কমিটি করে এ আইন বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। এজন্য সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিসিবি শক্তিশালীই আছে। যে উদ্দেশ্যে টিসিবি গঠন করা হয়েছে, তা বাস্তবায়িত হয়নি। তাদের জনবল সঙ্কট রয়েছে। তবে এ সঙ্কট দূর করে তাদের কার্যক্রম আরো জোরদার করা হবে।” ঈদের আগে মাঠপর্যায়ে ডিসিদের তদারকি কার্যক্রম আরো জোরদার করা হবে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসিরা এ কাজে সবসময়ই রয়েছেন। তবে তাদের তদারকি কার্যক্রম আরো জোরদার করতে বলা হয়েছে। বাজার তদারকি কার্যক্রমে জনবল সঙ্কট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, “মন্ত্রণালয় ও সরকারের লোক দিয়ে দৈনিক কয়টি বাজার তদারক করা যায়, তা আপনারা জানেন। তবে সরকারের চেষ্টা আছে, এটা বাড়ানো হবে। যারা সামাজিক নেতৃত্ব দেন এবং ব্যবসায়ী সমাজের সমন্বয়ে এজন্য কমিটি গঠন করা হবে।” নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে দায়ী করে ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান মঙ্গলবার এক মতবিনিময় সভায় বলেন, “বাজারে তেল আর চিনি বাদে অন্যান্য পণ্যে লাভের পরিমাণ সর্বোচ্চ ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। এটা কোনো গ্রহণযোগ্য বাজার ব্যবস্থাপনা হতে পারে না।” ১৩ থেকে ১৪ টাকায় আমদানি করা পেঁয়াজ খুচরা পর্যায়ে প্রতি কেজি ২৫/২৬ টাকা দরে বিক্রির বিষয়টি নিয়েও তিনি ব্যবসায়ী নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। একইভাবে প্রতিকেজি খেজুর আমদানি মূল্যের থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি প্রসঙ্গে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান খুচরা ব্যবসায়ী সমিতির নেতাদের উদ্দেশ্যে বলেন, “খেজুরের অ্যাভারেজ ল্যান্ডেড কস্ট ৬০ টাকার বেশি নয়। তাহলে কেন এটা ১০০ টাকা হবে?” চাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য বাড়ার কোনো ‘যৌক্তিকতা নেই’ বলেও তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১১৪০ ঘ.