ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান।
মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বাজারে তেল আর চিনি বাদে অন্যান্য পণ্যে লাভের পরিমাণ সর্বোচ্চ ১০০ শতাংশ এবং সর্বনিু ৫০ শতাংশ। এটা কোনো গ্রহণযোগ্য বাজার ব্যবস্থাপনা হতে পারে না।”
আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পণ্যের গুণগত মান অক্ষুন্ন রেখে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাভিত্তিক ও বিশেষায়িত সমিতিগুলোর সঙ্গে ডিসিসিআই এই মতবিনিময় সভার আয়োজন করে।
মজিবুর রহমান বলেন, “আদার ল্যান্ডেড কস্ট প্রতি কেজিতে ৩৭ টাকা। খুচরা পর্যায়ে এটার বিক্রয়মূল্য সর্বোচ্চ ৫০ টাকা হতে পারে। অথচ এখন খুচরা বাজারে প্রতি কেজি আদা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।”
“অর্থাৎ এখানে ব্যবসায়ীরা লাভ করছেন ১০০ পার্সেন্টের কাছাকাছি। এটা তো ব্যবসা হলো না। এটা তো মুনাফাখোরী।”
১৩ থেকে ১৪ টাকায় আমদানি করা পেঁয়াজ খুচরা পর্যায়ে প্রতি কেজি ২৫/২৬ টাকা দরে বিক্রির বিষয়টি নিয়েও তিনি ব্যবসায়ী নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
একইভাবে প্রতিকেজি খেজুর আমদানি মূল্যের থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি প্রসঙ্গে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান খুচরা ব্যবসায়ী সমিতির নেতাদের উদ্দেশ্যে বলেন, “খেজুরের অ্যাভারেজ ল্যান্ডেড কস্ট ৬০ টাকার বেশি নয়। তাহলে কেন এটা ১০০ টাকা হবে?
অন্যদিকে চাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ নিশ্চিত থাকায় আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য বাড়ার কোনো ‘যৌক্তিকতা নেই’ মন্তব্য করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চিনি ও তেলের মূল্য কমতির দিকে। ১ লাখ ৫০ হাজার টন চাহিদার বিপরীতে তেলের মজুদ আছে ২ লাখ টনের ওপর। চিনির মজুদ প্রায় ৬ লাখ টনের কাছাকাছি। তাই রমজানে চিনি আর তেলের মূল্য বাড়বে না।
আর মোট চাহিদার চেয়ে ৫ হাজার টন বেশি খেজুর এবং মোট ১০ লাখ টন পেঁয়াজের মজুদ আছে বলেও জানান মজিবুর রহমান।
এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
“এখানে সরকারের প্রচেষ্টাই প্রধান। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না তার জন্য প্রতিটা বাজার কমিটিকে সরকারকে দায়িত্ব দিতে হবে,” একইসঙ্গে বলেন তিনি।
খাদ্যপণ্যে ফরমালিন ব্যবহারের বিষয়টি নিয়ে আজাদ বলেন, “মানুষ এখন ভয়ে ফল খায় না, মাছ খায় না। একজন ব্যবসায়ী হিসাবে আমরা এই দায়িত্ব এড়াতে পারি না।”
ফরমালিন ব্যবহার রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি রমজানের আগে ঢাকা শহরের সবগুলো বাজার সমিতির সভাপতি, ল্যাবরেটরি প্রতিনিধিদেরকে ডাকুন। আমরা এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে নেব।”
এছাড়া পরিবহন চাঁদাবাজি প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এফবিসিসিআই সভাপতি বলেন, “এই চাঁদাবাজি পণ্যের বিক্রয়মূল্যের ওপর পড়ছে। এতে ক্রেতার সাথে ব্যবসায়ীর ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।”
সভায় ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম রমজানে বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা টাঙানো, ভিজিল্যান্স টিমের মাধ্যমে বাজার তদারকি এবং টিসিবিকে শক্তিশালী করাসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো কার্যকর করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩৪৭ ঘ.
bdnews24