আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিদেশি মুদ্রায় প্রচলিত তিনটি বন্ড কেনার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিদেশি মুদ্রায় একাউন্ট (এফসি একাউন্ট) খোলার শর্তও শিথিল করা হয়েছে।
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পরপরই ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড, ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ এস ডলার ইনভেস্টমেন্ট কেনার শর্ত শিথিল করে মঙ্গলবার একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
একই সার্কুলারে এফ সি একাউন্ট (বৈদেশিক মুদ্রা একাউন্ট) খোলার ক্ষেত্রেও শর্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবারই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সব শাখা এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মূলত প্রবাসীদের কাছে এই তিনটি বন্ড জনপ্রিয় করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, “কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে যে বৈদেশিক মুদ্রার মজুদ আছে পদ্মা সেতুর জন্য তা থেকে এক বিলিয়ন ডলার নিলে তেমন সমস্যা হবে না।”
প্রবাসীদের কাছে ৭৫ কোটি ডলারের ‘সভরেন বন্ড’ ছাড়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বন্ড কেনার শর্ত শিথিলের সঙ্গে পদ্মা প্রকল্পের যোগসূত্র থাকার বিষয়টি কাকতালীয় বলে উল্লেখ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফসি একাউন্ট খোলা এবং তিনটি বন্ড কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে নতুন সার্কুলার জারি করেছে, তাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে ঠিক, তবে এর সঙ্গে পদ্মা সেতুর কোনো সম্পর্ক নেই।”
“অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে বেশ কিছু দিন আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার সার্কুলার জারি করা হয়েছে। কাকতালীয়ভাবে এটা মিলে গেছে আর কি,” বলেন গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ছিল ১ হাজার ৫০ কোটি ডলারের ওপরে।
সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রায় প্রচলিত ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড, ইউ.এস. ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ.এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিনতে বিদেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের সত্যায়নের শর্ত প্রত্যাহার করা হয়েছে। এসব বন্ডে বিনোয়োগ প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে বৈদেশিক মুদ্রায় খোলা (এফসি) একাউন্ট ও বন্ড কেনার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের কাগজপত্র বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়। এটি বিনিয়োগকারীদের জন্য অসুবিধাজনক ও ব্যয়বহুল।
“এ সমস্যা সমাধানে সিদ্ধান্ত হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হতে সত্যায়ন করার পরিবর্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা পাসপোর্টের কপি দিয়ে এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা পাসপোর্টে বাংলাদেশ দূতাবাস হতে পাওয়া ‘ভিসার প্রয়োজন নেই’ সিলসহ পাসপোর্টের কপি দিয়ে এসব বন্ড কেনার সুযোগ পাবেন।”
সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুতে বিশ^ ব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল। তবে দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করেছে দাতা সংস্থাটি। এতে বিদেশি অন্য সংস্থাগুলোর ঋণ পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুলাই জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৫৫ ঘ.
bdnews24