২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু কল্পনাবিলাস’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা দিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় আশাবাদের মধ্যেই বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, দেশের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন ‘কল্পনাবিলাস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা দিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় আশাবাদের মধ্যেই বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, দেশের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন ‘কল্পনাবিলাস’। মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে সরকার নানা রকম কৌশল নিয়েছে। এখন তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের কল্পনাবিলাসিতা ছাড়া আর কিছুই নয়।” “পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের প্রায় ৭০ শতাংশ ভারী ও আধুনিক যন্ত্রপাতি বৈদেশিক মুদ্রায় আনতে হবে। যমুনা সেতুর নির্মাণের সময়েও তাই হয়েছে,” বলেন মওদুদ। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর গত ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সরকারি কর্মচারীরাসহ বিভিন্ন সংগঠন দেশের বহুপ্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়নে বেতন থেকে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মওদুদ বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষণার পর একটা হুজুগ চলছে। কেউ বলছেন, একমাসের বেতন দিয়ে দেবেন। কেউ বলছেন, চাঁদা তুলবেন। মন্ত্রী-এমপিরা একেক রকম কথা বলছেন। এভাবে অর্থ সংগ্রহ করলে একটা হরিলুট হবে।” বিশ্ব ব্যাংকের সঙ্গে মতদ্বন্দ্বের মধ্যে মন্ত্রিসভা সোমবার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত বাতিলের বিষয়ে সংস্থাটির কাছে ধরনা দেবে না সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার বিশ্ব ব্যাংকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের বলব, উগ্রতা পরিহার করুন। মাথা ঠাণ্ডা করে বিশ্ব ব্যাংককে আস্থায় আনার চেষ্টা করুন। পদ্মা সেতু বিশ্ব ব্যাংকসহ দাতাদেশের অর্থায়ন ছাড়া কোনোভাবেই নির্মাণ করা সম্ভব হবে না।” রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তেজগাঁও কলেজ সাবেক ছাত্রদের উদ্যোগে কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুবদল উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ আটক নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেবশে বক্তব্য রাখেন মওদুদ। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশনও সরকারের এজেন্ট ও দালাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা সরকারের পক্ষে সাফাই গায়। কেবল বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি এখন সরকারের দালালি করছে।” ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, ফজলুর রহমান, মোরতাজুল করীম বাদরু, জাকারিয়া মঞ্জুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪০ ঘ.