২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূসক: চট্টগ্রামে ৭ প্রতিষ্ঠান পুরস্কৃত

সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা মূসক (ভ্যাট) প্রদানকারী সাত প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা মূসক (ভ্যাট) প্রদানকারী সাত প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম ২০১০-১১ অর্থবছরে মূল্য সংযোজন কর খাতে (মূসক বা ভ্যাট) সাত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানগুলো হল- বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, কনকর্ড এন্টারনটেইনমেন্ট, পারফেটি ভ্যানজেলি বাংলাদেশ লিমিটেড, চিটাগাং এশিয়ান পেপার মিলস লিমিটেড, আপন গার্ডেন কমিউনিটি সেন্টার, গ্রীন লাইন পরিবহন এবং বান্দরবানের পর্যটন হোটেল মেঘলা। এবিএম আবুল কাশেম বলেন, মূল্য সংযোজন কর সহজ করতে সরকার কাজ করছে। আগে যেসব সমস্যা ছিল সেগুলোর বেশিরভাগই এখন সহজ করা হয়েছে। শুল্কায়ন ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে বলেও জানান তিনি। কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মারুফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আলম, মেট্টোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী প্রমুখ। সভায় মূল্য সংযোজন কর-মূসক ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়। এছাড়া সকালে মূসক দিবস উপলক্ষ্যে আগ্রাবাদে সরকারি কার্য ভবন-১ থেকে একটি শোভাযাত্রাও বের করা হয়। ১৯৯১ সাল থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে ১৪৭টি দেশ এ ব্যবস্থায় কর আদায় করে থাকে। ২০১১ সাল থেকে ১০ জুলাই জাতীয় মূসক দিবস পালন করছে রাজস্ব বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮২৬ ঘ.