ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের আয় বাড়াতে মূল্য সংযোজন কর বা মূসক (ভ্যাট) আদায় বাড়ানোর ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার মূসক দিবসে জাতীয় পর্যায়ে নয় জন এবং জেলা পর্যায়ে ১২৫ জন সেরা মূসক প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে তিনি এই বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “এখন দুনিয়াটা এক হয়ে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয়, বহিঃবাণিজ্য থেকে আর কোনো শুল্ক আসবে না। সে কারণেই আমাদের মূসক আদায় বাড়াতে হবে।”
সে লক্ষ্যে নতুন ভ্যাট আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করছি, এই আইন পাস হলে করদাতারা যেমন ভ্যাট দিতে উৎসাহিত হবেন, তেমনি কর প্রশাসনেও গতি আসবে।”
“অর্থাৎ করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। এর ফলে মূসক আদায়ও বাড়বে,” বলেন মুহিত।
নতুন ভ্যাট আইন মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য এখন তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে ২০১০-১১ অর্থবছরে মূল্য সংযোজন কর খাতে (মূসক বা ভ্যাট) জাতীয় পর্যায়ে নয় জন ও ঢাকা বিভাগের ২৭ জন সেরা করদাতার হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।
জেলা পর্যায়ে সেরা করদাতাদের স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজন করে সম্মাননা দেবে এনবিআর।
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
বক্তব্য রাখেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, এনায়েত হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
এনবিআরের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরে মোট রাজস্বের মধ্যে ভ্যাট খাত থেকে এসেছে ৩৪ হাজার ৭০০ কোটি টাকা।
আর নতুন অর্থবছরে (২০১২-১৩) এ খাত থেকে ৪০ হাজার ৪০০ কোটি টাকা আসবে বলে লক্ষ্যমাত্রা ধরা েেহয়েছ।
১৯৯১ সাল থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে ১৪৭টি দেশ এ ব্যবস্থায় কর আদায় করে থাকে। ২০১১ সাল থেকে ১০ জুলাই জাতীয় মূসক দিবস পালন করছে রাজস্ব বোর্ড।
জাতীয় পর্যায়ে সেরা নয় ভ্যাট প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন পর্যায়ের তিনটি হচ্ছে- রশিদপুর কনডেন্সড অ্যন্ড ফ্রাংশনেশন (হবিগঞ্জ), অলিম্পিক ইন্ডা. বিস্কুট লিমিটেড (নারায়ণগঞ্জ) ও এএসটি বেভারেজ (নারায়ণগঞ্জ)।
সেবা পর্যায়ের তিনটি প্রতিষ্ঠান হচ্ছে- বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস ফিল্ড), কৈলাসটিলা গ্যাস ফিল্ড এবং মেসার্স ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস।
ব্যবসা পর্যায়ে তিন সেরা মূসক প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে- ট্রান্সকম বেভারেজ লিমিটেড (গাজীপুর), উত্তরা মটরস লিমিটেড (যশোর) এবং উত্তরা মটরস লিমিটেড (খুলনা)।
জেলা পর্যায়ে ঢাকা বিভাগের যে ২৭টি প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে সেগুলো হচ্ছে- বার্জার পেইন্ট, নিটোল ইন্সুরেন্স, মেসার্স তিয়ানসি (বাংলাদেশ), সুপারসাইন ইন্ড্রাস্ট্রিজ, রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মাহীন ট্রেডার্স, পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ, নিটল মটরস, গ্যালারী এপেক্স, নূরানী জর্দ্দা, গোপাল প্রসিদ্ধ ভান্ডার, উত্তরা মটরস (ময়মনসিংহ), এলিট ফুটওয়্যার, নতুন কুঁড়ি কচিং সেন্টার, ডেল্টা ফার্মা লিমিটেড, হাসেম এন্টারপ্রাইজ, নাহিদ কটন মিল, হোটেল পলাশ বাড়ী, কনজ্যুমার এইডস, ইউনান পেপার মিলস, মেঘনা এনার্জি লিমিটেড, সাইমুন জেনারেলস্টোর, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, হোটেল কমফোর্ট, সেলিম অ্যান্ড ব্রাদার্স, ক্যাপিটাল বোর্ড লিমিটেড এবং আরএফএল প্লাস্টিক লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮১০ ঘ.
bdnews24