নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় আছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।
মঙ্গলবার নারায়ণগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর জাইকার বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র প্রতিনিধি কেই তয়ামা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সরকার দুর্নীতির বিষয়ে কি পদক্ষেপ নেয়, তা দেখছি আমরা।”
“আমরা আমাদের সরকারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি,” বলেন তিনি।
দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন পদ্মা সেতুতে অর্থায়ন চুক্তি বাতিল করে। ২৯০ কোটি টাকার এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি টাকা দেওয়ার কথা ছিল।
বিশ্ব ব্যাংকের ওই সিদ্ধান্তের পর অর্থায়নকারী আরেক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) এ প্রকল্প থেকে সরে দাঁড়ায়। এডিবি ৬১ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছিল।
তবে ৪০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ জাইকা এবং ১৪ কোটি ডলার দেওয়ার চুক্তি করা ইসলামী উন্নয়ন ব্যাংক ইংগিত দেয় তারা এখনই সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না।
এক প্রশ্নের জবাবে তায়ামা বলেন, “জাইকা দুর্নীতির অভিযোগের বিষয়টি নিয়ে সিরিয়াসলি ভাবছে।”
এদিকে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নেই এ সেতু নির্মাণের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা কেবিনেটে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই পদ্মা সেতু করব। কোনো ডোনার আসলে ভাল, আর কারো কাছে ধর্না দেব না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৬১৯ ঘ.
bdnews24