২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: ‘সরকারের পদক্ষেপে সন্তুষ্ট জাপান’

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের নেওয়ার পদক্ষেপের প্রশংসা করে এই প্রকল্পে থাকার বিষয়টি জাপানের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের নেওয়ার পদক্ষেপের প্রশংসা করে এই প্রকল্পে থাকার বিষয়টি জাপানের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। জাপান সফররত পররাষ্ট্রমন্ত্রী সোমবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেও অর্থায়নকারী বাকি তিনটি সংস্থার অন্যতম জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকা সেই পথে হাঁটেনি। দীপু মনি বলেন, “নতুন কাঠামোয় পদ্মা সেতু নির্মাণে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সংস্থার সঙ্গে কাজ করার বিষয়টি জাপান সক্রিয়ভাবে বিবেচনার কথা জানিয়েছে।” সোমবার জাপানের উপপ্রধামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাইকা সভাপতির সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান বিষয়ক টোকিও সম্মেলনে যোগ দিতে মন্ত্রীর এই সফর। দুর্নীতির অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলেও দুর্নীতির অভিযোগ বরাবরই নাকচ করে আসছে সরকার। অভিযোগ ওঠার পর যোগাযোগমন্ত্রীকে সরিয়ে দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দীপু মনি বলেন, “তারা (জাপান) পদ্মা সেতু প্রকল্প নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকারের ভূমিকার প্রশংসা করেছেন।” জাপানের সিদ্ধান্ত জানানোর কোনো নির্দিষ্ট তারিখ না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা প্রকল্পের জন্য নতুন কাঠামো বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকা পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে জাইকা অন্যান্য জাপানি সরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে তাদের পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে জাইকার ৪০ কোটি ডলার দেওয়ার কথা। দীপু মনির সঙ্গে বৈঠকে জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদার বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবিসহ অন্যান্য দাতা সংস্থাগুলোর সঙ্গে সমঝোতায় আনতে জাপান চেষ্টা চালিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচএ/এমআই/২২৫৫ ঘ.