ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বছরগুলোর মতো চলতি অর্থবছর ১৫টি রপ্তানি খাতে নগদ সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বনিু ২ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে ৫ শতাংশ বিকল্প নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
রপ্তানি হওয়া পণ্যের মধ্যে হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে হাতে তৈরি পণ্যে ১৫ থেকে ২০ শতাংশ, কৃষি পণ্য (শাকসবজি ও ফলমূল) এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যে ২০ শতাংশ, হাড়ের গুঁড়ায় ১৫ শতাংশ, হালকা প্রকৌশলে ১০ শতাংশ, লিকুইড গ্লুকোজে ২০ শতাংশ, হালাল মাংসে ২০ শতাংশ এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।
এছাড়া চামড়াজাত পণ্যে ১৫ শতাংশ, জাহাজ রপ্তানিতে ৫ শতাংশ, বস্ত্র খাতে নতুন বাজার ও নতুন পণ্যের ক্ষেত্রে ২ শতাংশ, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা হিসেবে ৫ শতাংশ, আলু রপ্তানিতে ২০ শতাংশ, পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ১০ শতাংশ এবং পাটজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২২৫ ঘ.
bdnews24