ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর কোম্পানি ওরাসকমসহ বেসরকারি খাতের চার প্রতিষ্ঠানকে প্রায় ২০ কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।
রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন বিষয়ে গঠিত বাছাই কমিটির ৬৫তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেডকে ১৭ কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে কমিটি।
এছাড়া অন্য যে তিন প্রতিষ্ঠানকে বিদেশি ঋণ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো, ডিবিএল গ্রুপ (এক কোটি ৫০ লাখ ডলার), আইএল বাংলা লিমিটেড (৪০ লাখ ডলার) এবং উত্তরা ফুড অ্যান্ড ফিডস (বাংলাদেশ) লিমিটেড (৭৪ লাখ ডলার)।
এই ঋণের জন্য প্রতিষ্ঠানগুলোকে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে অতিরিক্ত ৪ দশমিক ২ শতাংশ সুদ দিতে হবে।
এর আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশি ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে এই কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২১৫০ ঘ.
bdnews24