ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি নিয়ে পরামর্শ করতে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ এসেছে।
মূল্যস্ফীতি যাতে সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন তারা। তবে এক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে না কমে সেদিকেও নজর দেওয়ার তারা পরামর্শ দিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা রাজধানীর পাম ভিউ রেস্টুরেন্টে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টায়। এতে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নররাও উপস্থিত থাকবেন।
বৈঠক শেষে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে ব্যবসয়ী ও অর্থনীতিবিদরা এমন মুদ্রানীতি ঘোষণা করতে বলেছেন যাতে মূল্যস্ফীতি কমে কিন্তু প্রবৃদ্ধি বাধাগ্রস্ত না হয়।”
বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে না কমে সে ব্যাপারে ব্যবসায়ী নেতারা পরামর্শ দিয়েছেন বলে জানার তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ী নেতারা বেসরকারি খাতে ঋণ কমায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ১৮ শতাংশ ঋণ প্রবাহ বৃদ্ধি মোটেও কম নয়।”
বৈঠক শুরুর আগে বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, “বর্তমান বিশ্ব পেক্ষাপটে আমাদের নতুন মুদ্রানীতি কেমন হওয়া উচিৎ- সে বিষয়ে পরামর্শ নিতেই আমরা বৈঠকে বসছি। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী নেতা ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরদের আমন্ত্রণ জানানো হয়েছে।”
তাদের পরামর্শের আলোকে চলতি মাসের তৃতীয় সপ্তাহে জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল।
আতিউর রহমান বলেন, “ওই ঘোষণার ক্ষেত্রে আমরা সফল হয়েছি বলতে পারি। কেননা, গত তিন মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের নিচে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) জুন মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।
মে ও এপ্রিল মাসে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ১৫ ও ৯ দশমিক ৯৩ শতাংশ।
বৈঠকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক মাহবুব হোসেন, ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান নূরুল আমীন, এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ, গভর্নরের উপদেষ্টা আল্লা মালিক কাজেমি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২৩৪৬ ঘ
bdnews24