ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে দেশে তৃতীয় অর্থনৈতিক শুমারি হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “অকৃষিমূলক খাতগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে একটি পরিসংখ্যানভিত্তিক কার্যকর ভিত গড়ে তোলাই এই শুমারির মূল উদ্দেশ্য।”
১৯৮৬ সালে দেশে প্রথম অর্থনৈতিক শুমারি হয়।
দ্বিতীয় অর্থনৈতিক শুমারি হয় দুই পর্বে। ২০০১ সালে শহর এলাকায় এবং ২০০৩ সালে পল্লী এলাকায় এ শুমারি হয়।
তৃতীয় অর্থনৈতিক শুমারির জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মোস্তফা কামাল।
জাতীয় আয় ও সামগ্রিক অর্থনীতির অন্যান্য কর্মকাণ্ডের হিসাব নিরুপণ ও হালনাগাদ বেঞ্চমার্ক তথ্য সরবরাহ করা এ শুমারির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ওই সংবাদ সম্মেলন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এএইচ/২০২৫ ঘ.
bdnews24