ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের ‘আইকন সেবা’ প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার বিটিআরসি এ বিষয়ে লিখিত নোটিস জারি করে।
বাংলাদেশ টেলিযোগাযাগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, নিয়ম লংঘন করায় বাংলালিংকের ‘আইকন’ সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শর্ত পূরণ করে ফের অনুমতি চাইলে বাংলালিংক পুনরায় ‘ আইকন’ সেবা চালু করার সুযোগ পেতে পারে বলেও জানান তিনি।
বিটিআরসি সহকারী পরিচালক মাহফুজুল আলম স্বাক্ষরিত নোটিসে উল্লেখ করা হয়, যে কোন সেবা চালু রাখতে বিটিআরসি’র কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহের নিয়ম রয়েছে। অনুমতি ছাড়া ‘আইকন সেবা’ চালুর বিষয়ে বাংলালিংকের কাছে জানতে চাওয়া হলে তারা সন্তোস জনক উত্তর দিতে পারেনি।
এ বিষয়ে বাংলালিংকের সিনিয়র ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশনস) শেহজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “বিটিআরসি’র সাথে এ বিষয়ে আলোচনা চলছে, অনুমতি পাওয়ার পর এ সেবা আবার চালু করা হবে।”
বাংলালিংকের প্রিমিয়ার গ্রাহকরা আইকন সেবা পেয়ে থাকেন। ২০১০ সালে চালু করা এ সেবার আওতায় প্রায় ৫ হাজার গ্রাহক রয়েছে। কোন গ্রাহক যদি প্রতিমাসে সাড়ে তিন হাজার টাকার বেশি খরচ করেন তাহলে তিনি এ সেবা গ্রহণের সুযোগ পান।
এ সেবা গ্রহণকারী গ্রাহকরা বিভিন্ন প্রতিষ্ঠানে মূলছাড়সহ নানা সুবিধা পেয়ে থাকেন বলে জানান শেহজাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১০৪ ঘ.
bdnews24