২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আবার তেলের ফাঁদে অর্থনীতি’

গত অর্থবছরে ৫৩ লাখ মেট্রিক টন তেল আমদানির পর এবার ৫৯ লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা ধরায় অর্থনীতির জন্য এই ফাঁদ তৈরি হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াজুল বাশারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেল অর্থবছরে জ্বালানি তেল আমদানি করতে গিয়ে অর্থনীতি বেসামাল অবস্থায় পড়ার পর এবার তেল আমদানি আরো বাড়ানো হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত অর্থবছরে (২০১১-১২) পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে ৫৩ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি হয়েছে। চলতি অর্থবছরে ৫৯ লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই বিশাল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে গিয়ে বৈদশিক মুদ্রার মজুদ এবং দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান চাহিদার কারণে তেলের আমদানি ‘বেশি’ বাড়ছে- এ তথ্য দিয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, “গত অর্থবছর আমদানি করা তেলের ১৬ থেকে ১৭ শতাংশ গিয়েছে বিদ্যুৎ উৎপাদনে।” অথচ দু’বছর আগে এ চিত্র ছিল ভিন্ন। ২০০৯-১০ অর্থবছরে আমদানি করা ৩৭ লাখ ৫৭ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। পরের অর্থবছর আমদানি করা ৪৪ লাখ ৬২ হাজার মেট্রিক টনের মধ্যে বিদ্যুতে ব্যবহৃত হয় ৮ দশমিক ১২ শতাংশ। আগামী বছর তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ইঙ্গিত এসেছে সরকারের পক্ষ থেকেও। সংসদে উপস্থাপিত অর্থমন্ত্রলায়ের ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: দ্বিতীয় হালচিত্রে বলা হয়েছে, ২০১১ সালে মোট বিদ্যুৎতের ১১ শতাংশ উৎপাদন হয়েছিল তরল জ্বালানি থেকে। ২০১২ সালে তেল ভিত্তিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ শতাংশ এবং ২০১৩-১৪ সালে ২১ দশমিক ৬ শতাংশ। চাহিদা পূরণে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার তেলনির্ভর ২৪টি ভাড়াভিত্তিক ও পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৯টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যার বেশিরভাগই তেলভিত্তিক। উৎপাদনক্ষমতা থাকলেও তেলের দামের কারণে এসব কেন্দ্রের অনেকগুলোই বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। ফলে দৈনিক যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, জাতীয় গ্রিডে যাচ্ছে তার চেয়ে কম। এই পরিস্থিতির মধ্যেই ২০১২ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৫৪৫ মেগাওয়াট ক্ষমতার আরো ২৭টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এগুলো চালু করতে হলে চলতি অর্থবছর বিদ্যুৎকেন্দ্রগুলোতে তেলের চাহিদা বাড়বে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার আমাদের পরিকল্পনা সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তেলের চাহিদা বাড়বে। এ কারণেই বিদ্যুতের দাম বাড়িয়ে উচ্চ মূল্যের জ্বালানি খরচ মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” তবে বিশাল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে গিয়ে বৈদশিক মুদ্রার মজুদ চাপের মুখে পড়বে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মূলত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে তেল আমদানি বেড়ে গেছে। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।” “গত বছরের তুলনায় দেশে আমদানি বেড়েছে। মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁঁচামাল আমদানি কমলেও জ্বালানি তেলের কারণেই আমদানি ব্যয় বেড়েছে। এরপরও আরও আমদানি বাড়ানো হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ায় বিনিময় হারের মাধ্যমে মূল্যস্ফীতি বাড়াবে।” গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট আমদানি হয়েছে ২৯ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পণ্য। এরমধ্যে জ্বালানি তেল আমদানি হয়েছে ৪ বিলিয়ন ডলারের। ওইসময়ে জ্বালানি আমদানিতে ৬২ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হলে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও খাদ্য পণ্য আমদানিতে। মির্জা আজিজ বলেন, “বিশাল অঙ্কের তেল আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রা মজুদের জন্য যে পরিমাণ রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধি হওয়ার প্রয়োজন তা হওয়ার আশা দেখা যাচ্ছে না।” এদিকে তেল আমদানি বেড়ে যাওয়ায় সরকারের ভর্তুকির পরিমাণও বেড়ে যাচ্ছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর লোকসানের পরিমাণ ধরা হয়েছে ১৬ হাজার ৮৮০ কোটি টাকা। এরমধ্যে বিপিসির লোকসানের পরিমাণ ১৬ হাজার ৭১ কোটি টাকা। এরই মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়ে দিয়েছেন, ভর্তুকি কমাতে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৮৩৬ ঘ.