২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ঢাকা-কক্সবাজার ফ্লাইটও বন্ধ

পর্যটননগরী কক্সবাজারের রানওয়ে সংস্কারের জন্য রাজধানী ঢাকার সঙ্গে ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটননগরী কক্সবাজারের রানওয়ে সংস্কারের জন্য রাজধানী ঢাকার সঙ্গে ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে বিমানের সর্বশেষ ফ্লাইটটি ওড়ে গত ৩০ জুন। আবার কবে ফ্লাইট চালু হবে- সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বিমান কর্মকর্তারা দিতে পারেননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচলনা পর্ষদ এ রুটে বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কক্সবাজারে ৭৩৭ এর চলাচল উপযোগী রানওয়ে না থাকায় আপাতত রানওয়ে সংস্কারের জন্য এ রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।” যতদিন পর্যন্ত রানওয়ে সংস্কার না হচ্ছে, ততোদিন ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানান তিনি। শাহনেওয়াজ আশা প্রকাশ করেন, সংস্কার কাজ শেষ হলে দুই মাসের মধ্যে এই রুটে আবার ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হতে পারে। বিমান কর্মকর্তারা জানান, গত বছরের শেষ দিকে বহর থেকে পুরোনো মডেলের এফ-২৮ ও ডিসি-১০ উড়োজাহাজ বাতিলের সিদ্ধান্ত নেয় বিমান পরিচালনা পর্যদ। এর মধ্যে ৩০ জুন থেকে এফ-২৮ বিমানগুলো বন্ধ করে দেওয়া হয়। এই উড়োজাহাজ দিয়েই বিমান এতোদিন ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালিয়ে আসছিল। নাম না প্রকাশ করার শর্তে বিমানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে এফ ২৮ বাদ দিয়ে অভ্যন্তরীণ রুটগুলোতে এটিআর বা ড্যাশ মডেলের কম আসনের দুটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিলো বিমানের। কিন্তু অর্থ সঙ্কটের কারণে বিমান কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করতে পারেনি।” ক্রমাগত লোকসানের কারণে ২০০৭ সালে অভ্যন্তরীণ সাতটি রুটের মধ্যে চারটিতে সেবা বন্ধ করে দেয় বিমান। কক্সবাজার রুট বন্ধ হওয়ার পর এই সংখ্যা পাঁচে দাঁড়াল। কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে কক্সবাজারের রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি প্রস্থও বাড়ানো হবে। দ্বিতীয় পর্যায়ে টার্মিনাল ভবন স্থানান্তরসহ আনুষঙ্গিক স্থাপনা তৈরি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৬১৫ ঘ.