ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্য সংযোজন কর আইন, পরিসংখ্যান আইন ও জাতীয় নদীরক্ষা কমিশন আইনের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, মূল্য সংযোজন কর আইন ২০১২ এবং পরিসংখ্যান আইন ২০১২ এর খসড়ায় মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ দুটি প্রস্তাব যাচাই বাছাই শেষে পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে।
এছাড়া জাতীয় নদীরক্ষা কমিশন আইন-২০১২ এর খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছে বলে সচিব জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের খসড়া প্রস্তাবও বৈঠকে অনুমোদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৪২ ঘ.
bdnews24