২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাণিজ্য প্রটোকলে সই আগামী সপ্তাহে

রক্ষণাবেক্ষণের জন্য অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করে নতুন নৌবাণিজ্য প্রটোকলে আগামী সপ্তাহে স্বাক্ষর করবে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্ষণাবেক্ষণের জন্য অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করে নতুন নৌবাণিজ্য প্রটোকলে আগামী সপ্তাহে স্বাক্ষর করবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শেষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার ভারতের নৌ সচিব পিকে সিনহার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “বৈঠকে নৌবাণিজ্য প্রটোকলের মেয়াদ দুই বছর, অর্থাৎ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আজ আমরা সম্মতিপত্রে স্বাক্ষর করেছি। আগামী সপ্তাহে নতুন প্রটোকল স্বাক্ষরিত হবে।” “এছাড়া এ প্রটোকলের আওতায় অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ভারত বছরে যে সাড়ে ৫ কোটি টাকা দিত, তা বাড়িয়ে ১০ কোটি টাকা করতে তারা সম্মত হয়েছে”, বলেন সচিব। তবে এ সম্পর্কিত এটি স্থায়ী কমিটির প্রতিবেদন অনুযায়ী তিন মাস পর প্রয়োজনে এ প্রটোকল সংশোধন করা হবে বলে তিনি জানান। সচিব জানান, বিশেষ করে কাস্টমস ব্যাংক গ্যারান্টি ও সার্ভিস চার্জের বিষয়ে বড় ধরণের সংশোধন করার ব্যাপারে দুই পক্ষই রাজি হয়েছে। ১৯৭২ সালে প্রথম দুই দেশ এই প্রটোকল স্বাক্ষর করে। ভারতের সাথে সর্বশেষ নৌ-প্রটোকলের মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়। কাস্টমস সেবা এর আগে ট্রানজিটের জন্য ব্যাংক গ্যারান্টি ও সার্ভিস চার্জের দাবি জানায় বাংলাদেশ কাস্টমস যার বিরোধিতা করে ভারতীয় কর্তৃপক্ষ। আব্দুল মান্নান হাওলাদার বলেন, “আমরা তাদের (ভারতীয় পক্ষ) জানিয়েছি যে, বাংলাদেশের এলাকায় থাকা অবস্থায় পণ্যের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাস্টমসের এবং এ সেবা প্রদানের জন্য মূল্য দাবি করাই যৌক্তিক।” ভারত থেকে আসা প্রতি টন পণ্যের জন্য ৮ মার্কিন ডলার সার্ভিস চার্জ দাবি করছে বাংলাদেশ। এছাড়া কোনো পণ্য যদি কোনো কারণে বাংলাদেশেই ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ওই পণ্যের জন্য প্রযোজ্য শুল্ক স্থানীয় এজেন্ট পরিশোধ করবে -এমন ব্যাংক গ্যারান্টিও দাবি করা হয়েছে। সচিব বলেন, “এ ব্যাপারে উভয় দেশের রাজস্ব বোর্ড সার্ভিস চার্জ, ব্যাংক গ্যারান্টি ও পণ্য পরিবহনের রুট প্রভৃতি বিষয়ে তিন মাস পর প্রতিবেদন দেবে।” উপকূলীয় নৌযান ব্যবস্থাপনা উভয় দেশের মধ্যে যৌথ উপকূলীয় নৌযান ব্যবস্থাপনার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। উপকূলের ৫০ কিলোমিটারের মধ্যে চলাচলকারী নৌযান এ ব্যবস্থাপনার মধ্যে পড়বে বলে জানানো হয়। ভারতের নৌসচিব প্রদীপ কুমার সিনহা বলেন, আমরা এ প্রস্তাবকে স্বাগত জানাই। তবে এর আওতায় কোন কোন পণ্য পড়বে এবং নৌযান চলাচলের গতিপ্রকৃতি কেমন হবে, সেটি আমাদের চিহ্নিত করতে হবে। আশুগঞ্জ কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের নৌসচিব জানান, আশুগঞ্জে কন্টেইনার টার্মিনাল স্থাপনের ব্যাপারে ভারত বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “আমাদের হিসাবে এ টার্মিনালটি স্থাপনে ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রয়োজন হবে। এ অর্থ অনুদান আকারে দেওয়ার বিষয়টি ভারত বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে ভারত।” এর আগে এ প্রকল্পটি ভারতের দেওয়া ১০০ কোটি টাকার ঋণ চুক্তির আওতায় ছিল। তবে পরে এ ঋণের আওতায় থাকা প্রকল্পের তালিকা থেকে এটি বাদ দেয় বাংলাদেশ। ভারতীয় নৌসচিব সিনহা বলেন, এ ব্যাপারে শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রাণ সরবরাহ উত্তর-পূর্ব ভারতে ৩৫ হাজার টন ত্রাণ সরবরাহ করার জন্য প্রস্তাব জানায় ভারত। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাতে বলা হয় ভারতকে। নৌসচিব হাওলাদার বলেন, “এর আগে ভারতকে একবার আশুগঞ্জ নৌ বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিলো। আবারো এ ধরণের সুবিধা পেতে হলে তাদের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/কিউএইচ/এসইউ/১৬১৬ ঘ.