২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা: মন্ত্রী

জি এম কাদের সংসদে বলেছেন, পণ্য সরবরাহে ঘাটতি নেই। টিসিবিও মাধ্যমে যথেষ্ট পরিমাণ পণ্য বিতরণ করা হচ্ছে। এছাড়া বেসরকারি পর্যায়েও পণ্য আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে অযৌক্তিতভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। সোমবারের সংসদ অধিবেশনের জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি এই হুঁশিয়ারি দেন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা স্বাভাবিকভাবে বাড়লেও সরবরাহ যথেষ্ট থাকবে বলে জি এম কাদের জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ জুলাই থেকে শুরু হবে রমজান মাস। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। রমজানে যেসব পণ্য বেশি লাগে তা ‘বিশেষভাবে’ সরবরাহ করা হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য সরবরাহে ঘাটতি নেই। টিসিবিও মাধ্যমেও যথেষ্ট পরিমাণ পণ্য বিতরণ করা হচ্ছে। এছাড়া বেসরকারি পর্যায়েও পণ্য আসছে। “যারা পণ্য মজুদ করে বিক্রি করেছে, সেখানে তদারকি দল যাচ্ছে। যুক্তিসঙ্গত দামে বিক্রি না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ঢাকায় ১৪টি তদারকি কমিটি কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভাগীয় শহর এবং জেলা পর্যায়েও তদারকি করা হবে। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এসব তদারকির দায়িত্বে থাকবেন বলে জানান জিএম কাদের। বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে টিসিবির গুদামে ১০ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনি, ৪ হাজার ৩৭২ মেট্রিক টন সয়াবিন তেল এবং ১ হাজার ৩১৯ মেট্রিক টন ডাল মজুদ রয়েছে। এছাড়া ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য চুক্তি হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএসজেড/এমআই/১৮৩৫ ঘ.