২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মুহূর্তে বিশ্ব ব্যাংকের সঙ্গে বৈঠক: মুহিত

বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার পাশাপাশি সংসদে বিবৃতিতে অর্থমন্ত্রী আবার বলেছেন, বর্তমান অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকল্পে অর্থায়ন বাতিল করা বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবার বলেছেন, এই অর্থবছরেই বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে। দুর্নীতির অভিযোগ তুলে দেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর দেশে ব্যাপক আলোচনার মধ্যে সোমবার সংসদে বিবৃতিতে অর্থমন্ত্রী এই দৃঢ় আশার কথা জানান। দুর্নীতির অভিযোগ তদন্তের মধ্যে বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্তের জন্য সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জেলিককে দায়ী করেছেন মুহিত। দুর্নীতির অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করে এই প্রকল্পে দেরির জন্য বিশ্ব ব্যাংককেই দায়ী করেছেন তিনি। বিশ্ব ব্যাংকের পথ অনুসরণ করে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) পদ্মা প্রকল্পে অর্থায়ন বাতিলের ইঙ্গিত দেওয়ার পর এবং দুদিন ধরে বিরোধী দলের সমালোচনার মধ্যে সংসদে ৩০০ ধারায় বিবৃতিতে এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুহিতের এই বিবৃতি উপস্থাপনের সময় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও সংসদে ছিলেন, দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনা রয়েছে যাকে কেন্দ্র করে। সংসদে ছিলেন বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও, বিশ্ব ব্যাংকের ঘোষণার পর যিনি মালয়শিয়ার সঙ্গে পদ্মা প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করেন। গত শুক্রবার বিশ্ব ব্যাংকের চূড়ান্ত ঘোষণার পর রোববার অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে এবিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। এর একদিন বাদেই সংসদে ১৩ পৃষ্ঠার লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মুহিত বলেন, “সম্ভবত বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জেলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে। আমার বিশ্বাস বিশ্ব ব্যাংক সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।” পদ্মার অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত জানানোর দুদিন পরই বিশ্ব ব্যাংকে দায়িত্বের মেয়াদ শেষ করেন জেলিক। নতুন সভাপতি হিসেবে রোববার দায়িত্ব নিয়েছেন দক্ষিণ কোরিয়া বংশোদ্ভূত জিম ইয়ং কিম। মুহিত বলেন, “আমরা যে কোনো মুহূর্তে বিশ্ব ব্যাংকের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় লিপ্ত হব বলে আমি আশা রাখি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে এই অর্থবছরে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব, ইনশাল্লাহ।” “তদন্তের বেড়াজালে একটা বছর আমরা গচ্চা দিয়েছি। বিশ্ব ব্যাংক আমাদের ওপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি এখনো বলছি, কোনো অপচয় দুর্নীতি হয়নি,” বলেন তিনি। পদ্মা সেতুর নির্মাণ কাজ তদারককারী পরামর্শক সংস্থার তালিকায় থাকা কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনের বিরুদ্ধে সে দেশের পুলিশ ঘুষ সাধার একটি অভিযোগ তদন্ত শুরু করলে গত বছর দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর গত সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিত করে সংস্থাটি, ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে যাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী বলেন, “এপ্রিল মাসে বিশ্ব ব্যাংকের ইনটিগ্রিটি দপ্তরের দুজন কর্মকর্তা ঢাকায় এসে পদ্মা সেতু প্রকল্প নিয়ে তদন্ত করেন। কতিপয় ব্যবসায়ীর সঙ্গে এক আলোচনায় তারা যোগ দেন এবং সেখানে অত্যন্ত অশোভন গুজব রটানোর সূত্রপাত করেন। “ওই আসরে হাওয়ার্ড ডিন নামে একজন কর্মকর্তা কোনো সম্মানিত ব্যক্তিবিশেষের সম্বন্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এতে আসরে উপস্থিত একজন সদস্য শক্তভাবে প্রতিবাদ করেন এবং তাকে এ রকম রটনা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তিনি তাকে তার বক্তব্যের পক্ষে প্রমাণ দিতেও চ্যালেঞ্জ করেন।” “অবশেষে বিশ্বব্যাংকের ওই কর্মকর্তা তার মন্তব্য প্রত্যাহার করেন এবং সেজন্য ক্ষমা প্রার্থনা করেন। আমরা এই বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংককে জানাই। কিন্তু আমরা আজও জানি না, বিশ্ব ব্যাংক এ ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ নিয়েছেন বা তদন্ত রুজু করেছেন,” বলেন মুহিত। অর্থায়ন স্থগিতের পর বিশ্ব ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনার তথ্য তুলে ধরে তিনি বলেন, “আমাদের কোনো প্রস্তাবই বিশ্ব ব্যাংকের সভাপতি কোনো সময়েই আমলে নেননি বলে আমার বিশ্বাস।” “এপ্রিল মাসের ৯ তারিখে বিশ্ব ব্যাংক আমাদের জানায়, কানাডায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে এবং তারা এসএনসি-লাভালিনের দুই জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি কোনো বিশিষ্টজনের মাধ্যমে (যার পরিচয় আমাদের জানানো হয়নি) অঙ্গীকার করেছেন যে যদি তাদের প্রতিষ্ঠান সেতু নির্মাণ পরামর্শক হিসেবে নিযুক্তি পান তাহলে তিনি বাংলাদেশের কতিপয় প্রভাবশালী ব্যক্তিকে কমিশন দেবেন,” বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, কানাডীয় কর্তৃপক্ষ ওই কর্মকর্তার ডায়েরি বাজেয়াপ্ত করে সেখানে এই রকম একটি তালিকা পায়। এই তালিকায় রাজনীতিবিদ, অন্যান্য ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা কয়েকজনের নাম আছে। শক্ত প্রমাণ মেলার আগে ওই নামগুলো প্রকাশ ঠিক হবে না জানিয়ে মুহিত বলেন, “ডায়েরিতে একটি লেখা আমার মতে তখনই বিশ্বাসযোগ্য সাক্ষ্য হবে, যখন এর সপক্ষে অন্য উপায়ে নিশ্চিত করা যাবে যে এটি একটি কল্পনার ফানুস অথবা আত্মরক্ষার প্রচেষ্টা নয়।” এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে সরকার তাদের কালো তালিকাভুক্ত করতে চেয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, “সেই হিসেবে কোনো দুর্নীতিবাজকে সুুরক্ষা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের আছে বলে অভিযোগ করা অনুচিত হবে।” এই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে এবং কানাডা কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে বলে জানান মুহিত। এই প্রকল্প এগিয়ে নিতে বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রস্তাবে সরকারের নমনীয় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “বিশ্ব ব্যাংক আমাদের সঙ্গে দুর্নীতি নিয়ে সমঝোতা স্মারক সই করতে চেয়েছে। আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে। “পরিবর্তে আমি জানিয়েছি যে যেভাবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে চিঠি লেনদেনের মাধ্যমে সমঝোতা হয় এক্ষেত্রেও সেটি হওয়া বাঞ্ছনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনার যারা শীর্ষে রয়েছেন, তারা জানেন যে আমাদের দুর্নীতি দমনের প্রচেষ্টা কোনো ক্ষেত্রেই কম ছিল না। “আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বিশ্ব ব্যাংক যেভাবে চুক্তিটি বাতিল করেছে, সেটি যথাযথ হয়নি এবং তাদের বিজ্ঞপ্তি জাতি হিসেবে আমাদের অপবাদ দিয়েছে।” “বিশ্ব ব্যাংক অসমর্থিত বা অসম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে একটি দেশকে এভাবে অপবাদ দিতে পারে না বা সে দেশের জনগণের মর্যাদাহানি করতে পারে না,” বলেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচএ/এমআই/২২৫২ ঘ.