২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যদের সরে যাওয়াই স্বাভাবিক: মন্ত্রী

বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করার পর চুক্তিবদ্ধ অন্য প্রতিষ্ঠানগুলোও সরে যাবে বলেই মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, ০২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করার পর চুক্তিবদ্ধ অন্য প্রতিষ্ঠানগুলোও সরে যাবে বলেই মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “লিড পার্টনার বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে গেলে এডিবি, আইডিবি ও জাইকা সরে যাবে এটাই স্বাভাবিক।” দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে পদ্মা সেতু প্রকল্প নিয়ে মালয়শিয়ার সঙ্গে আলোচনা চালায় সরকার। গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে এ নিয়ে সমঝোতা স্মারকও সই হয়। ২৮ জুন চূড়ান্ত চুক্তির লক্ষ্যে খসড়া প্রস্তাব দেয় মালয়শিয়া। পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “মালয়শিয়া যদি মনে করে তাহলে তারা বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে সহযোগিতা নিতে পারে। মালয়শিয়ার সাথে যদি চূড়ান্ত চুক্তি হয় তাহলে তারা সেতু নির্মাণ করে খরচ উঠিয়ে চলে যাবে। এটি সম্পূর্ণ মালয়শিয়ার ব্যাপার।” দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত করছে জানিয়ে মন্ত্রী বলেন, “কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তাই বলে বিশ্বব্যাংক ১৬ কোটি মানুষকে শাস্তি দিতে পারে না।” তদন্তে অপরাধ প্রমাণ হলে যে কোনো ধরনের শাস্তি মেনে নেওয়া হবে বলে জানান যোগাযোগ মন্ত্রী। “বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টকে পদ্মা সেতুতে আর্থায়ন বাতিলের বিষয়টি পুর্নবিবেচনার সুপারিশ করছি”, যোগ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ঢাকায় কোরীয় দূতাবাস আয়োজিত ‘সাউথ এশিয়া ইনফ্রাস্টাকচার প্রজেক্ট প্লাজা ২০১২ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন যোগাযোগমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/জেকে/১৪১১ ঘ.