ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর কার্যত বাধ্য হয়ে একই পথ ধরছে এ প্রকল্পে অর্থায়নকারী অন্যতম সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)ও।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের তিন দিন পর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যানিলাভিত্তিক প্রতিষ্ঠানটি বলেছে, পরিচালনের ক্ষেত্রে এডিবি ও বিশ্ব ব্যাংক একই ধরনের নীতি, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে।
এডিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে সরে যাওয়ার কথা স্পষ্ট করে না বললেও একটি সূত্র বলেছে, বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির যে ধরন তাতে মূল অর্থদাতা সংস্থা সরে গেলে অন্যদের অর্থায়নও আপনা আপনি আটকে যাওয়ার কথা। ফলে এডিবিসহ অন্য সংস্থাগুলোর কাছ থেকে আগের চুক্তি অনুযায়ী টাকা পাওয়ার সম্ভাবনা নেই।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে এডিবির ৬১ কোটি ডলার দেওয়ার কথা ছিল। মূল অর্থায়নকারী বিশ্ব ব্যাংকের দেওয়ার কথা ছিল ১২০ কোটি ডলার।
দেশের বহু প্রতীক্ষিত এই নির্মাণ প্রকল্পে অর্থায়নকারী অন্য দুটি সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাইকা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই প্রকল্পে জাইকা ৪০ কোটি ডলার এবং আইডিবি ১৪ কোটি ডলার দিতে চুক্তি করে।
ঢাকায় জাইকার প্রতিনিধি কেই তোয়ামা রোববার সাংবাদিকদের বলেন, “সরকারের (জাপান) সঙ্গে আলোচনা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
দুর্নীতির অভিযোগ ওঠার পর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক সমঝোতায় আসতে ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেছে এডিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কারণে বিশ্ব ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে এডিবি তা অনুধাবন করতে পারে এবং এই সিদ্ধান্তকে সম্মান করে। পরিচালনের ক্ষেত্রে এডিবি ও বিশ্ব ব্যাংক একই ধরনের নীতি, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে থাকে। তবে উভয়পক্ষ (বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক) এ বিষয়ে কার্যকর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এবং বাংলাদেশ ও এই অঞ্চলের জন্য পদ্মা প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে এডিবি মর্মাহত।”
বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে এডিবি বলেছে, আগামীতেও উন্নয়ন সহযোগী হিসাবে বাংলাদেশের পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
পদ্মা সেতু প্রকল্পের জন্য ঋণদাতা চারটি সংস্থার সঙ্গে আলাদা আলাদা চুক্তি করে সরকার।
তবে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা বলেন, অর্থায়নকারী মূল সংস্থা সরে যাওয়ায় এখন অন্য সংস্থাগুলোর অর্থায়নও হবে না। অন্য তিনটি সংস্থার টাকা পেতে হলে নতুন করে চুক্তি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24