২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমে গ্যাস যেতে আরও দেরি

খুলনা বিভাগের ৫ জেলায় পাইপলাইন স্থাপনের কাজ ডিসেম্বরের শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার নিয়োগের দরপত্র যাচাই-বাছাইয়ের কাজই এখনও শেষ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য বিতরণ পাইপলাইন নির্মাণের কাজ শুরু করতে না পারায় প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াতে ৮৪৫ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে। অথচ এ কাজে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র যাচাই-বাছাইয়ের কাজ এখনও শেষ হয়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্যাস বিতরণের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ জেলায় বিতরণ লাইন স্থাপন কাজের দরপত্রের মূল্যায়ন চলছে। এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ সম্পন্ন হয়নি। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো লাগতে পারে।” প্রকল্পের মেয়াদ কতদিন বাড়াতে পারে জানতে চাইলে তিনি বলেন, “ সময় এক বছর বাড়ানো লাগতে পারে।” খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলায় গ্যাস সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০০৯ সালের ২৩ নভেম্বর যাত্রা শুরু করে। এরপর ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৩১ কোটি টাকার ‘দক্ষিণ পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্প’ অনুমোদিত হয়। পাঁচটি জেলার জন্য এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয় ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিতরণ পাইপলাইন নির্মাণের জন্য অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার। এ পাঁচটি জেলার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো গ্যাস দেওয়ার চেষ্টা চলছে। নুরুল ইসলাম বলেন, “বিতরণ লাইন নির্মাণের জন্য গত জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। এসব দরপত্রের কারিগরি মূল্যয়ন শেষে তা অনুমোদনের জন্য গত সপ্তাহে এডিবিতে পাঠানো হয়েছে। এডিবি অনুমোদন দিলে দরপত্রের আর্থিক বিষয়টি মূল্যায়ন করে এডিবির অনুমোদনের পর ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।” এদিকে ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৩ কিলোমিটার গ্যাস সঞ্চালন (ট্রান্সমিশন) পাইনলাইন স্থাপনেরকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। ৬৮৫ কোটি ২৯ লাখ টাকার এ প্রকল্পে শুধু সঞ্চালন লাইন নির্মাণে গত ২১ অক্টোবর ছয়টি দেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল)। জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভেড়ামারা-খুলনা সঞ্চালন পাইপলাইন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসের মাঝামাঝি নাগাদ পুরো কাজ শেষ হয়ে যাবে।” ভেড়ামারা-খুলনা সঞ্চালন লাইন যুক্ত হবে যমুনা-ভেড়ামারা সঞ্চালন লাইনের সঙ্গে। এজন্য কুষ্টিয়ার ভেড়ামারা ও পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর মাঝ দিয়ে সঞ্চালন পাইপলাইন স্থাপন করতে হবে। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুইবার চেষ্টা করেও পদ্মা নদীর ভিতর দিয়ে সঞ্চালন লাইন স্থাপন করতে ব্যর্থ হয়েছি। লাইন স্থাপনের জন্য আমরা পুনরায় আবার কাজ শুরু করবো।” “ভেড়ামারার ওইখানে ব্রিটিশ আমলে করা হার্ডিঞ্জ সেতুর দুইপাশে প্রচুর পরিমানে পাথর ফেলা আছে। লাইন স্থাপনের জন্য দুইবারের চেষ্টাতেও ওই পাথর ভেদ করা সম্ভব হয়নি। এখন আরও গভীর দিয়ে নতুন করে লাইন স্থাপনের চেষ্টা করতে হবে।” হোসেন মনসুর বলেন, তাড়াতাড়িই লাইন স্থাপনের কাজ শেষ করতে হবে। কারণ ভেড়ামারায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমানে দেশে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু এর বিপরীতে উৎপাদন কম হওয়ায় চাহিদা ও সরবরাহে দৈনিক ঘাটতির পরিমাণ প্রায় ৩৪ কোটি ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২২২ ঘ.