ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত আগেই আঁচ করতে পেরে সরকার বিকল্প অর্থায়নের উৎস খোঁজায় প্রতিশ্রুত সময়েই এর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ প্রস্তুতিতে আমরা পিছিয়ে নেই। ঘোষিত সময়সীমার মধ্যেই নির্মাণ কাজ শুরু করার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত ‘আকষ্মিক হলেও অপ্রত্যাশিত’ নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, “সরকার পূর্বেই আঁচ করতে পেরে এ সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের প্রস্তুতি নিয়েছে। পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া প্রস্তাব দিয়েছে এবং আরো দুটি দেশও আগ্রহ দেখিয়েছে।”
শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। গত বছর এপ্রিলে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
বিশ্ব ব্যাংক বলেছে, এই প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ তাদের হাতে রয়েছে।
‘দুর্নীতির’ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথাযথ সাড়া না মেলায় প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”
দুর্নীতি দমন কমিশন এ নিয়ে তদন্ত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “তদন্ত চলাকালীন সময়ে এ ধরনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক ও রহস্যজনক, যা বিনা মেঘে বজ্রপাতের মতো।”
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক গত বছর অর্থায়ন স্থগিত করলে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ২৮ জুন খসড়া প্রস্তাবও দিয়েছে মালয়শিয়া।
এ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, মালয়শিয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এবং জনস্বার্থ, অর্থনৈতিক স্বার্থ ও দেশের স্বার্থ বিবেচনায় রেখেই এ প্রস্তাব চূড়ান্ত করা হবে।
বিকল্প অর্থায়নে পদ্মা সেতুর খরচ বাড়বে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হলে খরচ কমও হতে পারে। এতে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে, যা হবে সারপ্রাইজ।”
অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের কাছে পুনর্বিবেচনার আবেদন জানানো হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এ বিষয়ে অর্থমন্ত্রী আগামীকাল বক্তব্য দেবেন। বিশ্বব্যাংক নিজেদের দরজা নিজেরাই বন্ধ করেছে, আমরা নিজেদের দরজা নিজেরা বন্ধ করিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫২০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেল বিশ্ব ব্যাংক
ক্স বিশ্ব ব্যাংকের বক্তব্য অগ্রহণযোগ্য: মুহিত
ক্স সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় টিআইবি
ক্স ‘এরপরও বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালানো যায়’
bdnews24