ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক সরে যাওয়ার প্রেক্ষাপটে পদ্মা সেতু প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান কী হবে, তা এখনো ঠিক করতে পারেনি এই প্রকল্পে অর্থায়নকারী অন্যতম সংস্থা জাইকা।
বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে ঢাকায় জাইকার প্রতিনিধি কেই তোয়ামা রোববার সাংবাদিকদের বলেন, “সরকারের (জাপান) সঙ্গে আলোচনা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
পদ্মা প্রকল্পে জাইকার দেওয়ার কথা ছিল ৪০ কোটি ডলার। এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকও এই প্রকল্পে অর্থায়নের চুক্তি করে।
চারটি সংস্থাই অর্থায়নের বিষয়ে গত বছর সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এরপর দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করে।
প্রকল্পের মূল অর্থ যোগানদাতা সংস্থা নিজেদের গুটিয়ে নেওয়ায় অন্য দাতাদের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী হবে- জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যেকের সঙ্গে তো আলাদা আলাদা চুক্তি হয়েছে। দেখি কী করা যায়।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা বলেছেন, অর্থায়নকারী মূল সংস্থা সরে যাওয়ায় এখন অন্য সংস্থাগুলোর অর্থায়নও হবে না। অন্য তিনটি সংস্থা থেকে টাকা পেতে হলে নতুন করে চুক্তি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩১০ ঘ.
bdnews24