আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে ২০১২-১৩ অর্থবছর। রোববার নতুন অর্থবছরের প্রথম দিন।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চতুর্থ এবং সরকারের মেয়াদের শেষ এই ‘পূর্ণাঙ্গ’ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দেশের রাজনৈতিক অস্থিরতাকে সবচেয়ে বড় ‘ঝুঁকি’ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে এরপরও ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনের যে লক্ষ্যমাত্রা বাজেটে ধরা হয়েছে তা অর্জনের বিষয়ে আশাবাদী তিনি।
এবার অর্থবছরের প্রথম মাসেই রোজা পড়েছে। সংযমের এই মাসে দ্রব্যমূল সহনীয় রাখতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়, এবারও হচ্ছে।
ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা এবার রোজার মাসে ১০ শতাংশের বেশি মুনাফা করবেন না।
রোজার আগে প্রতি বছরই ব্যবসায়ীরা এ ধরনের প্রতিশ্রুতি দিলেও বাজারে তার প্রতিফলন কমই দেখা গেছে।
অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুসংবাদ হচ্ছে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। দুই অংকের ঘরের এই সূচক এখন এক অংকের ঘরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও নিম্মমুখী। ১৪০ ডলার ব্যারেলের তেল এখন ১০০ ডলারের নিচে।”
“গত কয়েক মৌসুমে বাম্পার ফলন হয়েছে। দেশে এখন পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আমদানির কোনো প্রয়োজন নেই। এ অবস্থায় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা কঠিন হবে না বলেই আমি মনে করি।”
নতুন অর্থবছরের জন্য এই বাজেট পাস হয়েছে ২৮ জুন। আর আগের দিন অর্থ বিল পাস হয়েছে। অর্থ বিলে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। অর্থ্যাৎ, দুই লাখ টাকা পর্যন্ত যারা আয় করবেন, তাদের আয়কর দিতে হবে না। প্রস্তাবিত বাজেটে এ সীমা ছিল এক লাখ ৮০ হাজার টাকা।
সব ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করার যে প্রস্তাব ছিল, তা থেকেও সরে এসেছেন অর্থমন্ত্রী। এই কর ধার্য করা হয়েছে দশমিক ৮০ শতাংশ।
এছাড়া মোবাইল ফোনের কলরেটের ওপর ২ শতাংশ, জীবনবীমার গ্রাহকদের মুনাফার ওপর ১০ শতাংশ কর কাটার প্রস্তাব প্রত্যাহারসহ প্রস্তাবিত বাজেটে আরও কিছু সংশোধন আনা হয়েছে।
নতুন বাজেট প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, “উচ্চ মূল্যস্ফীতির মধ্যে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে অর্থমন্ত্রী খানিকটা স্বস্তি দিয়েছেন। তবে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে হয় না। পাশাপাশি ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনও কঠিন হবে বলে আমি মনে করি।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৫ শতাংশ। আর গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।
বিদায় নেওয়া ২০১১-১২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে আটকে রাখার আশার কথা বলেছিলেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার যে বাজেট পাস হয়েছে, তাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ বরাদ্দ (এডিপি) ধরা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১১ হাজার ৬৭৫ কোটি টাকা।
বাজেটের এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা। বিদেশি অনুদান প্রাপ্তির আশা করা হয়েছে ছয় হাজার ৪৪ কোটি টাকা। বাকি ঘাটতি ৪৬ হাজার ২৪ কোটি টাকা দেশি-বিদেশি উৎস থেকে ঋণ হিসাবে সংগ্রহ করবে সরকার।
এই ঋণের মধ্যে অভ্যন্তরীণ খাত থেকেই সরকার ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা ঋণ করতে চায়। যার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪৮৪ কোটি টাকা নেওয়া হবে মূলত সঞ্চয়পত্রের মাধ্যমে।
আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫৪০ কোটি টাকা।
বাজেট পাসের আগে সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, “কেউ কেউ বলেছেন যে, প্রবৃদ্ধির প্রাক্কলন অবাস্তব এবং তাদের যুক্তি হচ্ছে যে, বাস্তবায়ন দক্ষতা নিম্নমানের এবং বিনিয়োগে তেমন গতি আসেনি। তারা এও বলেছেন যে, বেসরকারি খাত সংকোচনশীল মুদ্রানীতির ফলে অসুবিধায় পড়েছে। এ অবস্থায় এক বছরে ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিতে উত্তরণ অসম্ভব। তারা ধরে নিয়েছেন যে, ২০১১-১২ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ হবে।
“তাদের প্রতিটি যুক্তিই প্রশ্নবোধক। গত তিন বছরে বাস্তবায়ন দক্ষতা ব্যাপকভাবে বেড়েছে, যদিও আমাদের প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। এই বছর বৈদেশিক বিনিয়োগ হয়েছে উচ্চমত্রায়। অভ্যন্তরীণ উৎপাদন, চাহিদা এবং কর্মসংস্থান- সর্বত্র রয়েছে ঊর্ধ্বগতি। বেসরকারি খাতে ঋণপ্রবাহ আসলে তেমন কমেনি। ২০১০-১১ অর্থবছরের ব্যাপক স¤প্রসারণকেই এই বছর সংকোচন করা হয়।
আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বর্ষ শেষের হিসাবে এই বছরে আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে এবং নতুন বছরে ৭ দশমিক ২ শতাংশ আমরা অর্জন করবই”, বলেন মুহিত।
মুহিতের দৃষ্টিতে, নতুন অর্থবছরে বহিঃবাণিজ্যের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পণ্যবাজারে ব্যাপক ওঠানামা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। আর অভ্যন্তরীণ ঝুঁকি বাড়াতে পারে রাজনৈতিক অস্থিরতা।
মুহিত বলেন, “আমার প্রতিটি বাজেট বক্তৃতায় আমি যে বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছি তা হলো বাস্তবায়ন সক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এবারেও তারই পুনরাবৃত্তি করব। বিদেশি সাহায্য ব্যবহারের জন্য একটি বাস্তবায়ন কৌশল আমরা ইতোমধ্যে নির্ধারণ করেছি। আমি নিজে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখব বলে বিশ্বাস করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৫৫ ঘ.
bdnews24