বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২-১৩ অর্থবছরের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩২২ কোটি, ২৪ লাখ ৮৪ হাজার ৯৯২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন বিসিসি মেয়র শওকত হোসেন হিরন।
গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে ৬৮ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫শ' ৭৪ টাকা।
২০১১-১২ অর্থবছরে বাজেটের আকার ছিল ২৫৩ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৪'শ ১৮ টাকা।
২০১২-১৩ অর্থবছরের বাজেটে অর্থের যোগানে সিটি কর্পোরেশনের বিভিন্ন আয় ও সরকারি অনুদানের পাশাপাশি বিদেশি সাহায্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণার আগে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে প্রবল বর্ষণ এবং পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭১৫ ঘ.
bdnews24