ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে যারা সরকারের সমালোচনা করেন, এই খাত সম্পর্কে তাদের ‘জ্ঞানের পরিধি’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তবে বিদ্যুতের ‘অক্সিলারি ইউজ’ বোঝাতে গিয়ে খেই হারিয়ে ফেলে তিনি স্বীকার করেন যে বিদ্যুৎ খাতের অনেক কারিগরি বিষয় ও পরিভাষা তিনি নিজেও বোঝেন না।
বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক ইলাহী বলেন, “বিদ্যুৎ সেক্টর নিয়ে যারা সুশাসনের কথা বলেন, তারা সিস্টেম লসের বাইরে আর কিছু বোঝেন না। এটা এতো বড় একটা এনটিটি, যেখানে ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, জেনারেশন কোম্পানি আছে। সব মিলেই এই সেক্টর।”
বিদ্যুৎ বিভাগের অধীনে থাকা সংস্থা ও কোম্পানিগুলো আগামী ছয় মাসে কেমন সেবা দেবে সে বিষয়ে এই সমাঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে পাওয়ার সেল।
সমঝোতা স্মারকের বিষয়গুলোর মধ্যে সিস্টেম লস, বকেয়া, রাজস্ব আদায়, গ্রাহক সেবার মান উন্নয়ন, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, আর্থিক অবস্থা, মানব সম্পদ উন্নয়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির মতো বিষয়গুলোও রয়েছে, যেগুলোকে একসঙ্গে ‘কি পারফরমেন্স ইন্ডিকেটর-কেপিআই’ বলা হচ্ছে।
এর আগে গত জানুয়ারিতেও ছয় মাসের জন্য (জানুয়ারি থেকে জুন) এ ধরনের সমাঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল বিদ্যুৎ বিভাগ। সে অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন সংস্থা ও কোম্পানির সেবার মান সম্পর্কে একটি প্রতিবেদন এ অনুষ্ঠানে উপস্থাপন করেন পাওয়ার সেলের পরিচালক (কমার্শিয়াল) মো. আমজাদ হোসেন।
তিনি বলেন, “এ ধরনের কার্যক্রম দেশে নতুন। প্রথমবার অগ্রগতি উল্লেখযোগ্য না হলেও ভবিষ্যতে ভালো হবে বলে আশা করছি।”
এ ধরনের উদ্যোগ নেওয়ায় বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “এটা হলো সুশাসনের জন্য আসল অপরেশনাল টুলস। বাকি সবই তো তত্ত্ব। এটা কঠিন কাজ, তবে চেষ্টা করলে করা সম্ভব।”
যারা বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে সরকারের সমালোচনা করেন, তাদের বিদ্যুৎ ভবনে এসে এ খাত সম্পর্কে ধারণা নেওয়ারও পরামর্শ দেন তৌফিক ইলাহী।
“যারা সুশাসন ও ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলেন তাদের মাঝে মাঝে এখানে এসে শিক্ষা নেওয়া উচিৎ। একটা কিছু করতে হলে তার জন্য জ্ঞান দরকার। আমরা তো জ্ঞান ছাড়া কথা বলি। মুর্খরা জ্ঞান ছাড়াই কথা বলে।”
‘মিডিয়ার ভাইয়েরাও’ অনেক কিছু জানেন না মন্তব্য করে উপদেষ্টা বলেন, “এই যেমন অক্সিলারি লস সম্পর্কে আপনারা জানেন না।”
এ সময় পাশ থেকে একজন কর্মকর্তা তার ভুল শুধরে দিয়ে বলেন- “স্যার বিষয়টা অক্সিলারি লস না, অক্সিলারি ইউজ।”
উপদেষ্টা তখন বলেন, “দশটা জেনারেশন হলে (বিদ্যুৎ কেন্দ্র) নিজেরা কিছু খেয়ে ফেলে। এটাকে আমরা বলতে পারি অক্সিলারি পাওয়ার কনজাম্পশন।”
কিছুক্ষণ পর এ প্রসঙ্গে আবার বলতে গিয়ে শব্দবন্ধটি ভুলে যান তিনি। বিপাকে পড়ে জানতে চান, “টার্মটা কি বললাম যেন...?”
পাশ থেকে এক কর্মকর্তা তার সাহায্যে এগিয়ে আসেন- “স্যার অক্সিলারি পাওয়ার কনজাম্পশন।”
এ সময় উপদেষ্টা বলেন, “মিডিয়ার বন্ধু বান্ধবরা চাইলে এ বিষয়ে ওয়ার্কশপও করা যেতে পারে। অনেক টার্ম আছে জানারও কথা না। কিছু টেকনিক্যাল, ফিন্যানশিয়াল টার্ম আছে। আমিও ভালো করে বুঝি না। আপানারা এগুলো ভাল করে বুঝলে মূল্যায়ন করতে সুবিধা হবে।”
অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭৩৮ ঘ.
bdnews24