২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাড়াভিত্তিক কেন্দ্রের জন্যই বিদ্যুতের দাম বাড়ছে’

ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুতের উৎপাদন মূল্য বাড়ায় সরকার খুচরা বিদ্যুতের দামও বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ বিএনপির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুতের উৎপাদন মূল্য বাড়ায় সরকার খুচরা বিদ্যুতের দামও বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিদ্যুতের উৎপাদন মূল্য কেন বেড়েছে, তা প্রধানমন্ত্রী সংসদে বলেননি। কারণ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে সরকার এই মূল্য বৃদ্ধি করেছে। সংসদে দায়মুক্তি আইন পাস করিয়ে ক্ষমতাসীন দলের লোকজনকে এই প্রকল্প দেয়া হয়েছে।” প্রধানমন্ত্রী বাংলাদেশে কম দামে বিদ্যুৎ দেওয়া হয় দাবি করে বিদ্যুতের দাম আবার বাড়ানোর ইংগিত দিয়েছেন দাবি করে সাবেক জ্বালানি মন্ত্রী মোশাররফ বলেন, “আমরা সরকারকে হুশিয়ারি করে দিতে চাই, উৎপাদন মূল্যের কথা বলে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে তা জনগন মেনে নেবে না।” সংসদের বুধবার ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম দামে বিদ্যুৎ দেওয়া হয় দাবি করে বলেন, “যে দামে বিদ্যুৎ উৎপাদন করব, সে দামেই কিনতে হবে। আমরা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছি, এটা কেন হবে?” খুচরা বিদ্যুতের দাম ৫৭ শতাংশ বাড়াতে সম্প্রতি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের মধ্যে প্রধানমন্ত্রী এ কথা বললেন। সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম যথাক্রমে প্রতি ইউনিটে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা বাড়ানো হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হয়। এ নিয়ে চলতি বছরেই দুই দফায় পাইকারি ও খুচরা দাম বাড়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুব দলের তেজগাঁও শিল্পাঞ্চল শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। ২০১২-১৩ অর্থ বছরের বাজেটের সমালোচনা করে মোশাররফ বলেন, “আজ (বৃহস্পতিবার ) সংসদে বাজেট পাস হচ্ছে। জনগনকে ধোঁকা দিতে এই উচ্চাভিলাসী বাজেট করা হচ্ছে। এতে দেশের মানুষের আশা-আকাংখা পুরণ হবে না।” মানববন্ধন কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪৪১ ঘ.