ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পর ‘ঋণ খেলাপি’র নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের শিল্প মালিকদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের নেতারা এই সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দুটি প্রজ্ঞাপন তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ক্ষেত্রে প্রয়োগ না করার দাবি জানায়।
গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করে ঋণ শ্রেণী বিন্যাস, ঋণ পুনঃসূুিচকরণ এবং ডাউন পেমেন্ট সংক্রান্ত নতুন নিয়ম প্রবর্তন করে।
ওই প্রজ্ঞাপনের আওতায় ‘কনটিনিউয়াস’ ও ‘ডিমান্ড লোন’ শ্রেণীকরণের ক্যাটাগরির- যেমন এসএস, ডিএফ ও বিএল- প্রতিটি ক্ষেত্রে শ্রেণীকরণের সময়সীমা ছয় মাস, নয় মাস ও ১২ মাস থেকে প্রতি ক্ষেত্রে তিন মাস করে কমানো হয়েছে।
একইভাবে ৫ বৎসর ও ৫ বৎসরের ঊর্ধ্বসীমার টার্ম লোন এসএস, ডিএফ ও বিএল হিসেবে শ্রেণীকরণের সময়সীমা একই ক্যাটাগরির আওতায় এনে যথাক্রমে ৩ মাস, ৬ মাস ও ৯ মাস নির্ধারণ করা হয় ওই প্রজ্ঞাপনের মাধ্যমে।
বর্তমানে ৫ বৎসর মেয়াদি টার্ম লোনের ক্ষেত্রে এ সময়সীমা যথাক্রমে ৬ মাস, ১২ মাস ও ১৮ মাস; ৫ বৎসরের ঊর্ধ্বমেয়াদি টার্ম লোনের ক্ষেত্রে সময়সীমা যথাক্রমে ১২ মাস, ১৮ মাস ও ২৪ মাস নির্ধারিত আছে।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “ব্যাংকিং খাতের মূলধন ও ঋণ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন এই নীতিমালা দেশের শিল্প তথা সামগ্রিক অর্থনীতির জন্য সময়োপযোগী নয়।”
“আমাদের রপ্তানি মূলত আমদানিনির্ভর। তাই পোশাক খাতে রপ্তানি আয় প্রত্যাবসন হতে স্বাভাবিক অবস্থায় গড়ে ১২০ দিন লেগে যায়। সুতরাং এই ঋণ ২ মাস পর এসএমএ খাতে স্থানান্তর যুক্তিযুক্ত নয়,” বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি স¤প্রতি ঘটে যাওয়া আশুলিয়ার শ্রমিক অসন্তোষের বিষয়টি তুলে ধরে বিজিএমইএ সভাপতি দাবি করেন, এই সময়ে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে অনেক কারখানা মালিককে ভোগাবে।
একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ‘অসময়োপযোগী সিদ্ধান্ত’ আখ্যায়িত করে তিনি বলেন, “এসব পদক্ষেপের ফলে দেশে ব্যবসা বিনিয়োগের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সরকারের আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে।”
বিজিএমইএ সভাপতি রপ্তানি পণ্যের ওপর উৎসে কর কাটার হার পূর্বের অবস্থায় বহাল রাখার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীনসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২০৩৫ ঘ.
bdnews24