২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়ের সীমা বাড়াতে প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে বাজেট নিয়ে আলোচনায় তিনি অর্থমন্ত্রীর কাছে এই প্রস্তাব রাখেন। গত ৭ জুন সংসদে প্রস্তাবিত আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা বহাল রাখেন। সাধারণের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা না বাড়ালেও ৬৫ বছরের বেশি বয়সী নারীদের ক্ষেত্রে এই সীমা ২ লাখ টাকা এবং প্রতিবন্ধীদের করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে আলোচনায় মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব প্রত্যাহারের জন্যও অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী। গত ৭ জুন বাজেট প্রস্তাবে পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে কর কাটার প্রস্তাব করেন মুহিত। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাপ পরিশোধ করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে। তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর যে প্রস্তাব অর্থমন্ত্রী করেছেন তা কমাতেও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী রপ্তানি পণ্যের ক্ষেত্রে ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী তা কমিয়ে শূন্য দশমিক ৮ শতাংশ করার প্রস্তাব রেখেছেন। কর বাড়ানোর ক্ষেত্রে অর্থমন্ত্রী যুক্তি দেখান- “রপ্তাণি বাণিজ্য থেকে কিন্তু কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।” বর্তমানে তৈরি পোশাক খাত থেকে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্য রপ্তানি থেকে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে। প্রধানমন্ত্রী ১৯ ইঞ্চি পর্যন্ত কম্পিউটারের ক্ষেত্রে কর অব্যাহতি সুযোগ রাখার প্রস্তাবও করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৫৫ ঘ.