২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বেশি মুনাফা না করার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা বাজারে সর্বোচ্চ ১০ শতাংশের বেশি মুনাফা না করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা বাজারে সর্বোচ্চ ১০ শতাংশের বেশি মুনাফা না করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। অতিরিক্ত সচিব আরো বলেন, রমজানে ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, হলুদ, মসলা, খেঁজুরের দাম স্থিতিশীলে সরকার বাজারে তদারকি রাখবে। আমদানিকারকরা পণ্যের আমদানি ব্যয় নির্বাহ করে শতকরা এক শতাংশ মুনাফা করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। “পাইকারি ব্যবসায়ীরা পরিবহনসহ যাবতীয় ব্যয় নির্বাহ করে এক শতাংশ নিট মুনাফা করবে। খুচরা ব্যবসায়ীরা যেহেতু ভোক্তাদের কাছে সরাসরি পণ্য পৌঁছায় তাদের বিভিন্ন পর্যায়ে ব্যয় বেশি হয়। এজন্য তারা ১০ শতাংশ পর্যন্ত মুনাফা করতে পারবে বলে কথা দিয়েছেন,” বলেন অতিরিক্ত সচিব। তিনি জানান, সুপার মার্কেট থেকে পাড়া-মহল্লার সব দোকানে পণ্যের দামের তালিকা টানাতে হবে। যেসব পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা থাকবে সেসব পণ্য ওই দামেই বিক্রি করতে হবে। মর্তুজা বলেন, “আমদানিকারকরা তাদের আমদানি ব্যয় মিটিয়ে বিক্রয় মূল্যের তালিকা টানাবে। একইভাবে পাইকারী ব্যবসায়ীদের পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যের তালিকা টানাতে হবে।” ব্যবসায়ী নেতারাও সভায় এসব সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন বলে অতিরিক্ত সচিব জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ দল মাঠে থাকবে। বিএসটিআইও বাজার মনিটরিং করবে। এছাড়া অতিরিক্ত মুনাফা না করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, দোকান মালিক সমিতি, বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই সভা হবে বলে অতিরিক্ত সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫২০ ঘ.