ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু স্তর বিপণন (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণে একটি আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
কাদের বলেন, “এমএলএম পদ্ধতির ব্যবসা কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা না থাকায় এই কোম্পানিগুলো নিয়ন্ত্রণ ও জনসাধারণকে প্রতারণার থেকে রক্ষায় ‘ডাইরেক্ট সেল আইন-২০১২’ শিরোনামে একটি আইন প্রণয়নের কার্যক্রম চলছে।”
আইনটির খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব কমিটিতে অনুমোদিত হয়েছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।
সংরক্ষিত মহিলা আসনের আরেক সাংসদ আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এমএলএম ব্যবসা পরিচালনায় সরকার আলাদা কোনো লাইসেন্স দেয় না। তবে এই ব্যবসা পরিচালনা করার জন্য ৬৯টি কোম্পানি রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত আছে।
কাদের জানান, ‘ডাইরেক্ট সেল আইন-২০১২’ প্রণীত হলে অবৈধ এলএমএল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলতি বছরের মে পর্যন্ত হিসাব অনুযায়ী বর্তমানে ৮০ লাখ ২১ হাজার ৬৭৮ জন বিদেশে কর্মরত রয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৯৩ হাজার ৮৬৮ জন বাংলাদেশি নারী কর্মরত আছেন। এসব নারীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কত তার হিসাব বাংলাদেশ ব্যাংকে নেই।
রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধে এবং প্রতারণার শাস্তি হিসেবে জেল জরিমানার বিধান রেখে ‘অভিভাসন অধ্যাদেশ ১৯৮২’ সংশোধন করে ‘অভিভাসন আইন’ প্রণয়ন করা হচ্ছে।
আগামী ছয় মাসের মধ্যে আইনটি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন খন্দকার মোশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯২২ ঘ.
bdnews24