২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর নিয়ে বিটিআরসি-রাজস্ব বোর্ডের মতবিরোধ

আয়কর প্রযোজ্য হওয়া নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর প্রযোজ্য হওয়া নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিটিআরসির সব আয়ের ওপর কর দাবি করে সম্ú্রতি কমিশনের কাছে দেওয়া একটি চিঠিতে রাজস্ব বোর্ড জানায়, আগামী ১৫ জুনের মধ্যে পে অর্ডারের মাধ্যমে বিটিআরসির ২০১১-১২ অর্থবছরের সম্ভাব্য নিট আয়ের ওপর প্রাক্কলিত অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে। তবে আইনের ভিন্ন ব্যাখ্যা দিয়ে আয়কর দাবি পুনর্বিবেচনার অনুরোধ করে রাজস্ব বোর্ডকে পাল্টা চিঠি দিয়েছে বিটিআরসি। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে এনবিআর করদাতা হিসেবে টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার) নিবন্ধিতকরণ ও ২০১১-১২ অর্থবছরের অগ্রিম আয়কর দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে। উপ-কর কমিশনার মো. আবদুস সোবহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী বিটিআরসি ‘স্থানীয় কর্তৃপক্ষ’ শ্রেণী/পর্যায়ের করদাতা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত এবং এর ওপর প্রযোজ্য কর হার ৩৭ দশমিক ৫ শতাংশ। চিঠিতে আগামী ১৫ জুনের মধ্যে অগ্রিম আয়কর পরিশোধের জন্য অনুরোধ করে বলা হয়, আয়কর আইনে যথাসময়ে অগ্রিম কর পরিশোধে ব্যর্থতা এবং আয়কর রিটার্ন (আর্থিক বিবরণীসহ) দাখিলে বিলম্বের জন্য জরিমানা ও সরল সুদ আরোপসহ আরো কঠোর ব্যবস্থার বিধান রয়েছে। তবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, “বিটিআরসি ‘স্থানীয় কর্তৃপক্ষ’ নয়, এটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান (Statuary Public Authority) হিসেবে আইন অনুযায়ী সরকারি দাবির পক্ষে রাজস্ব আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেয়। বিটিআরসির নিজস্ব কোনো উপার্জন নেই।” বিটিআরসি যে অর্থ আদায় করে তা ব্যাংকে রাখার পর নির্দিষ্ট সময়ে সুদসহ পুরো অর্থই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয় বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ সরকারকে কর দেওয়ার পর অবশিষ্ট অর্থ নিজেরা খরচ করে। কিন্তু সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিআরসি এক টাকাও নিজেরা খরচ করতে পারে না। বিটিআরসির নিজস্ব কোনো আয় না থাকায় এক্ষেত্রে আয়কর প্রযোজ্য নয় বলে রাজস্ব বোর্ডের কাছে দেওয়া চিঠিতে জানিয়েছে বিটিআরসি। বিটিআরসিকে দেওয়া রাজস্ব বোর্ডের চিঠিতে আরো বলা হয়, অর্থ আইন ২০১১-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪-এফ ধারা প্রবর্তনের পর বিটিআরসি একটি করদাতা সত্ত্বা হিসেবে বিবেচিত। এর ফলে যে কোনো আয়ের ওপর আরোপযোগ্য কর সংক্রান্ত বিষয়ে অন্য কোনো অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১-এর এতদসংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির আয় করারোপযোগ্য হওয়ায় বিটিআরসিকে কর পরিশোধ করতে হবে। দ্বিমত প্রকাশ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, আয়কর অধ্যাদেশে ১৯৮৪-এর ধারা ১৮৪ এফ-কে অর্থ আইন ২০১১-এর সঙ্গে সংযোজনের ফলে সরকারি রাজস্ব আয়ের ওপরও আয়কর আরোপ করতে হবে এমন কোনো বিধান নেই। তাই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিৎ। এবিষয়ে বৃহস্পতিবার বিটিআরসি রাজস্ব বোর্ডকে চিঠি দিলেও রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো জবাব আসেনি বলে জানান তিনি। বিটিআরসির এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১-১২ অর্থবছরের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণ হবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। এনবিআরের চাহিদা অনুযায়ী ৩৭.৫ শতাংশ হারে কর প্রযোজ্য হলে বিটিআরসিকে প্রায় আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/২৩১১ ঘ.