২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটের পরও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়লেও একই ধরনের আরো ২৭টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আমিনূর রহমান রাসেলের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়লেও একই ধরনের আরো ২৭টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। চাহিদা পূরণে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার তেলনির্ভর ২৪টি ভাড়াভিত্তিক ও পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে। কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় এসব কেন্দ্রের অনেকগুলোই বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। ফলে দৈনিক যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, জাতীয় গ্রিডে যাচ্ছে তার চেয়ে গড়ে প্রায় ৭০০ মেগাওয়াট কম। এই পরিস্থিতিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনায় জোর দেওয়া উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়লা উত্তোলনের ব্যাপারে এ পর্যন্ত অগ্রগতি কম। গ্যাসের উৎপাদন বাড়লেও তা চাহিদা পূরণ হওয়ার মতো নয়। এ কারণেই সরকার নতুন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। তেলের দাম আবার বাড়লে বিদ্যুৎ খাত আরো আর্থিক সংকটে পড়বে বলে মনে করেন কি না- এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, “এজন্যই কিছু বিদ্যুৎ কেন্দ্রে ডুয়েল ফুয়েলের (তেল ও গ্যাস) ব্যবস্থা রাখা হয়েছে।” বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, “কয়লার ব্যাপারে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। শিগগিরই কয়লানীতি চূড়ান্ত করা হবে। আর গ্যাসের জন্য নতুন কয়েকটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির সমস্যা সমাধানে সরকার আন্তারিকভাবে কাজ করে যাচ্ছে।” বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশি দামে বিদ্যুৎ কিনে তাদের ভর্তুকিতে কম দামে বিক্রি করতে হয়। চলতি অর্থবছরে সরকারের কাছে ভুর্তকি হিসেবে ছয় হাজার ৪০০ কোটি টাকা চেয়ে গত জানুয়ারি পর্যন্ত পাওয়া গেছে চার হাজার ৩০০ কোটি টাকা। এই আর্থিক সংকটের কারণেই সচল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে কিংবা উৎপাদন কম করে লোড-শেডিং এর মাধ্যমে বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে বলে জানান তিনি। “সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালাতে দৈনিক গড়ে ৩৫ থেকে ৪০ কোটি টাকার প্রয়োজন হয়। এর মধ্যে তেলভিত্তিক কেন্দ্রগুলোতে ২৩ থেকে ২৫ কোটি টাকা লাগে। বাকি টাকা খরচ হয় গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে”, পিডিবি চেয়ারম্যান বলেন। এই পরিস্থিতির মধ্যেই ২০১২ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৫৪৫ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের, যার সবগুলোই হবে তেলভিত্তিক। এর মধ্যে বেসরকারি খাতে ঢাকার গাবতলীতে ৫০ মেগাওয়াট, কেরানীগঞ্জের বসিলায় ১০৮ মেগাওয়াট ও ৫২ দশমিক ০৫ মেগাওয়াট, জামালপুরে ১০৮ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট, খুলনায় ৯৫ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট, চট্টগ্রামের পতেঙ্গায় ১০০ মেগাওয়াট, রাজশাহীতে ১০৮ মেগাওয়াট, কুমিল্লার হোমনায় ৫২ মেগাওয়াট, মুন্সিগঞ্জের কাঠপট্টিতে ৫২ দশমিক ০৫ মেগাওয়াট, টাঙ্গাইলে ১০৮ মেগাওয়াট ও নারায়ণগঞ্জে ৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরই এসব কেন্দ্র চালু হওয়ার কথা। এছাড়া ২০১৩ সালে সরকারি খাতে- খুলনায় ১৫০ মেগাওয়াট, গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট, চট্টগ্রামের শিকলবাহায় ১৫০ মেগাওয়াট, চাঁপাই নবাবগঞ্জে ১০০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে কুমিল্লার জাঙ্গালিয়ায় ৫০ মেগাওয়াট, নারায়ণগঞ্জের গগণনগরে ১০২ মেগাওয়াট, ঢাকার নবাবগঞ্জে ৫০ মেগাওয়াট, মুন্সিগঞ্জে ৫০ মেগাওয়াট, মানিকগঞ্জে ৫০ মেগাওয়াট, মেঘনাঘাটে ২২০ মেগাওয়াট, কালিয়াকৈরে ১৪৯ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট, কিশোরগঞ্জের ভৈরবে ৫০ মেগাওয়াট, সাতক্ষীরায় ৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এবং কেরানীগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ২০১৪ সালে সরকারি খাতে চট্টগ্রামের শিকলবাহায় ৭৫ মেগাওয়াট এবং বেসরকারি খাতে মেঘনাঘাটে ১১৫ মেগাওয়াট ক্ষমতার আরো দুটি কেন্দ্র নির্মাণের কথা রয়েছে। এই ২৭টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৪টি ফার্নেল অয়েল নির্ভর। বাকি ১৩টি ডুয়েল-ফুয়েল (গ্যাস/তেল)। এর মধ্যে ১টি গ্যাস/ডিজেল এবং বাকি ১২টি গ্যাস/ফার্নেস অয়েল ভিত্তিক। এসব কেন্দ্রে গ্যাস ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও গ্যাস সংকটের কারণে তেলের ওপরই নির্ভর করতে হবে। পিডিবি কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্র চালু হলেও অর্থ সংকট না কাটলে উৎপাদন বন্ধ করে রাখতে হতে পারে। আর সেক্ষেত্রেও কেন্দ্রগুলোর জন্য চুক্তি অনুয়ায়ী ‘ক্যাপাসিটি চার্জ’ দিয়ে যেতে হবে সরকারকে। বর্তমানে এ ধরণের কেন্দ্রের জন্য মেগাওয়াট প্রতি দৈনিক গড়ে প্রায় ২ টাকা করে চার্জ দিতে হয় পিডিবিকে। সে হিসেবে কয়েকশ কোটি টাকা গচ্চা যাবে সরকারের। জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত সঙ্কট থেকে উত্তরণের কোনো পথ দেখছি না। তবে আগামী বছর নির্বাচনের আগের বছর হওয়ায় সরকার ভুর্তকির পরিমাণ বাড়িয়ে লোড-শেডিং কমানোর চেষ্টা করবে।” বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল করতে ভবিষ্যতে গ্যাসের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর তেলের ওপর নির্ভরতা কমিয়ে গ্যাসভিত্তিক বেজ লোডের (বড় কেন্দ্র ) কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিলে সঙ্কট এতো ঘনীভূত হতো না। সরকারের মেয়াদের শেষ সময়ে এসে এ ধরনের নতুন উদ্যোগ বিদ্যুৎ খাতকে আরো বিপর্যয়ে ফেলবে।” দেশে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কিছু বেশি উৎপাদন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২৩৫ ঘ.