২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদ্যুৎ সঙ্কট সার্কের প্রায় সব দেশেই’

বিদ্যুৎ স্বল্পতার কারণে গোটা সার্ক অঞ্চলেই অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশ্ব ব্যাংকের এক কর্মশালায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

আবদুর রহিম হারমাছি কাঠমান্ডু থেকে কাঠমান্ডু (নেপাল), জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ স্বল্পতার কারণে গোটা সার্ক অঞ্চলেই অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশ্ব ব্যাংকের এক কর্মশালায় বলা হয়েছে। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের অংশগ্রহণে মঙ্গলবার কাঠমান্ডুর র‌্যাডিসন হোটেলে ওই কর্মশালায় এই অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির একটি চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, শ্রীলংকা ছাড়া সার্কের অন্য দেশগুলোতে বিদ্যুৎ সমস্যা প্রকট। ভারতে ৬০ শতাংশ শিল্প-প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন করে চলে, যেখানে চীনে এই হার ২০ শতাংশ। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ কল্পনা কোচার তার প্রতিবেদনে বলেন, শিল্প কারখানায় বিদ্যুতের অভাবের কারণে পাকিস্তানে বছরে ৪ লাখ লোক চাকরি হারাচ্ছেন। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাংলাদেশে ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) কম হচ্ছে। আর নেপালে গড়ে প্রতিদিন ১৬ ঘণ্টা লোড শেডিং হয়। ‘ব্রেকিং ডাউন ব্যারির্য়াস : এ নিউ ডান ইন সাউথ এশিয়া’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার এক-তৃতীয়াংশ মানুষ এখনো বিদ্যুৎসুবিধা থেকে বঞ্চিত। কল্পনা কোচার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য আঞ্চলিক সহযোহিতার কোনো বিকল্প নেই। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, শ্রীলংকায় মোট চাহিদার ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। ভারতে মোট চাহিদার চেয়ে ১০ শতাংশ বিদ্যুৎ কম উৎপাদন হয়। বাংলাদেশে চাহিদার চেয়ে উৎপাদন ১৫ শতাংশ কম। পাকিস্তান ও নেপালে ঘাটতি যথাক্রমে ২০ ও ৩০ শতাংশ। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে বিশ্বের ৮০ দশমিক ৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তুলনামূলক চিত্র তুলে ধরে কল্পনা বলেন, উত্তর আমেরিকায় (নর্থ আমেরিকা) মাত্র ২০ লাখ লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না। সাব-সাহারান অঞ্চলে এই সংখ্যা ৫৮ কোটি ৫০ লাখ। চীন ও পূর্ব এশিয়ায় ১৮ কোটি ২০ লাখ, দক্ষিণ আমেরিকায় ৩ কোটি ১০ লাখ, মধ্যপ্রাচ্যে ২ কোটি ১০ লাখ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় বিশ্ব ব্যাংকের নেপালের আবাসিক প্রতিনিধি তাসিন সাঈদ বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নের স্বার্থে এই অঞ্চলের দেশগুলোকে বিদ্যুৎ সঙ্কট নিরসনে একযোগে কাজ করতে হবে। কর্মশালায় বাংলাদেশের চারজন সাংবাদিকসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩২৩ ঘ.