২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর চূড়ান্ত সিদ্ধান্ত জুলাইয়ের মধ্যে: মুহিত

সরকার জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংক সরকারকে একটি চিঠি দিয়েছে। আমি ওই চিঠির জবাব দেব। বিশ্ব ব্যাংকের চিঠির ভিত্তিতে আশা করছি, জুলাই মাসের মধ্যেই আমরা পদ্মা সেতুর বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।” তিনি বলেন, সরকার বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। “আমি অনেক দাতা সংস্থার কাছে সরকার ও বিশ্ব ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করেছি। এরপর বিষয়টির নিস্পত্তির জন্য ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেছে।” “তারা সবাই আমাদের শুভাকাক্সক্ষী,” যোগ করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাইকাকে নিয়েই পদ্মা সেতু প্রকল্পকে এগিয়ে নেওয়ার একটি পথ ঠিকই বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে যুক্তরষ্ট্রের পক্ষ থেকে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেওয়ার কথা ছিল সরকারের। দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক গত অক্টোবরে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করায় অন্য দাতাদের অর্থায়নও আটকে যায়। এ নিয়ে দেশের দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান চালিয়েছিল, তবে দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি বলে জানিয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে জটিলতার মধ্যেই এ প্রকল্প বাস্তবায়নের জন্য মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করে সরকার। গত মাসে মালয়শিয়ার একটি প্রতিনিধি দল এসে এ ব্যাপারে তাদের প্রাথমিক প্রস্তাবও উপস্থাপন করে। টিক্ফা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিক্ফা) সই হবে। “এ বিষয়ে আমার সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা হয়েছে। ওয়াশিংটন থেকে আমি যে তথ্য পেয়েছি, তা তাকে জানিয়েছি,” বলেন মজিনা। বিষয়টি এখন সরকারের হাতে উল্লেখ করে তিনি বলেন, “যথাসময়ে এ ব্যাপারে জবাব পাওয়া যাবে বলে আশা করছি আমরা।” বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গত দুই বছর ধরে টিক্ফা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শ্রমের মান নির্ধারণের বিষয়টিতে এখনো ঐকমত্য হয়নি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শ্রমিক অধিকার ও তাদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতারা উদ্বিগ্ন। চলতি বছর এপ্রিলে শ্রমিক নেতা আমিনুল ইসলাম নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্রের ক্রেতারা) তাদের সুনাম নিয়ে কোনো ঝুঁকি নেবে না।” আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও রাষ্ট্রদূত আশঙ্কা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/২০০৫ ঘ.