২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বড় চাপ: আইবিএফবি

আগামী অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্থনীতিতে ‘বড় ধরনের চাপ ফেলবে’ বলে মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্থনীতিতে ‘বড় ধরনের চাপ ফেলবে’ বলে মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। রোববার আইবিএফবি কার্যালয়ে সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান খান বাজেট প্রতিক্রিয়ায় বলেন, “এ ঋণ অর্থনীতিতে বড় ধরনের চাপ ফেলবে। এর ফলে বিনিয়োগ বাধাগ্রস্থ হবে যা জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে।” সংসদে প্রস্তাবিত ২০১২-১৩ সালের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২৩ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। এটি বিদায়ী অর্থবছরের ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি। হাফিজুর বলেন, “এক্ষেত্রে দেশি বিনিয়োগে তারল্যের সঙ্কট ব্যাপক একটি সমস্যা হতে পারে। ফলশ্রুতিতে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পেয়ে তা দেশীয় শিল্পায়ন তথা ব্যবসা বানিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে।” গত অর্থবছরে ব্যাংক খাত থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করলেও বছর শেষে তা ২৯ হাজার ১১৫ কোটি টাকায় দাঁড়ায়। চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের সমালোচনা করে আসছিল বিরোধী দলসহ ব্যবসায়ী মহলও। তাদের বক্তব্য, সরকার ঋণ বেশি নেওয়ায় বেসরকারি খাত যথেষ্ট অর্থ পাচ্ছে না। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ এবং তা মেটানোর উৎসকে এই বাজেট বাস্তবায়নের ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা’ হিসাবেও চিহ্নিত করেন হাফিজুর। “বৈদেশিক খাত হতে ঋণ পাওয়া যে প্রাক্কলন করা হয়েছে তা না পাওয়া গেলে ব্যংক থেকে সরকারের ঋণ আরো বেড়ে যেতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে সে সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। সে পরিস্থিতিতে অর্থনীতিতে আরো বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।” ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার এই বাজেটে মোট ঘাটতি থাকছে ৫২ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৮৮৪ কোটি টাকা। এর মধ্যে ২৩ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ বাদে ব্যাংক বহির্ভূত খাত থেকে ১০ হাজার ৪৮৪ কোটি টাকা নেওয়া হবে। এছাড়া সঞ্চয়পত্র থেকে আসবে ৭ হাজার ৪০০ কোটি টাকা। আগামী অর্থবছরে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করার প্রস্তাবের বিষয়টি পূনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আইবিএফবি সভাপতি বলেন, “রপ্তানি পর্যায়ে উৎসে কর কাটার হার বৃদ্ধির বিষয়টি রপ্তানির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে আমরা মনে করি।” আর বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের সুযোগ দেশের বৈধ করদাতাদের নিরুৎসাহিত করে। আমরা মনে করি, এবারই এ সুযোগ শেষবারের মতো হওয়া উচিত। এ সুযোগ গ্রহনে ব্যর্থদের বিরুদ্ধে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণাও এবার দেওয়া যেতে পারে।” তবে কর ফাঁকি রোধে আয়কর আইনে নতুন বিধান সংযোজন, রপ্তানিমুখী শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানীতে শুল্ক প্রত্যাহার, নারী উদ্যোক্তা বান্ধব পদক্ষেপ গ্রহণ, পরিবেশবান্ধব যান আমদানীতে মূসক অব্যহতি, সামাজিক নিরাপত্তার পরিধি বৃদ্ধি, পর্যটন খাতে উৎসাহ প্রদানের মতো পদক্ষেপকে স্বাগত জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬৫৯ ঘ.