আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ঋণের সুদ মেটাতেই সরকারের মোট রাজস্ব ব্যয়ের চার ভাগের এক ভাগ অর্থ খরচ হয়ে যাবে।
বিপুল এই অর্থের পরিমাণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক বছরের বেতন-ভাতা বাবদ ব্যয়ের চেয়ে বেশি।
এবারই প্রথম সরকারি চাকুরেদের বেতন-ভাতার চেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে সুদ শোধে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে নতুন অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তা বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
এই জন্য সরকারের ঋণনির্ভরতাকে দায়ী করে তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বাজেটের সংক্ষিপ্তসারের রাজস্ব ব্যয়ের বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব ব্যয় বাবদ মোট ৯৯ হাজার ৪৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর মধ্যে সুদ পরিশোধ বাবদ রাখা হয়েছে ২৩ হাজার ৩০২ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় সমান অংকের ঋণ নেয়ার কথা বলেছে।
অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের জন্য ২১ হাজার ৬০৮ কোটি এবং বৈদেশিক ঋণের সুদ শোধের জন্য ১ হাজার ৬৯৮ কোটি টাকা রাখা হয়েছে।
হিসাব করে দেখা যায়, ঋণশোধের এই বরাদ্দ মোট রাজস্ব ব্যয়ের ২৩ দশমিক ৪২ শতাংশ। যা মোট বাজেটের ১২ দশমিক ২ শতাংশ।
শেষ হতে যাওয়া অর্থবছরের মূল বাজেটের চেয়ে নতুন বাজেটে সুদ পরিশোধ বাবদ ৫ হাজার ৩০৭ কোটি এবং সংশোধিত বাজেটের চেয়ে ৩ হাজার ৫০৬ কোটি টাকা বেশি বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী।
২০১০-১১ অর্থবছরে সুদ পরিশোধে মোট ব্যয় হয় ১৫ হাজার ৬২৩ কোটি টাকা। চলতি অর্থবছরে মূল বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৯৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৯ হাজার ৭৯৬ কোটি টাকায় ঠেকেছে।
সুদ পরিশোধে বিশাল অঙ্কের বরাদ্দে উদ্বেগ প্রকাশ করে মির্জ্জা আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে অনেক বেশি ঋণ নিয়েছে। গত অর্থবছরেও মোটা অঙ্কের ঋণ নিয়েছিল।
আগের ঋণ এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্যই অর্থমন্ত্রীকে এবার এই খাতে বেশি বরাদ্দ রাখতে হয়েছে বলে মনে করেন তিনি।
মির্জ্জা আজিজ বলেন, “বাজেটে ঘাটতি মেটাতে ঋণনির্ভরতা কমাতে না পারলে সুদ পরিশোধের এই মাশুল দিয়েই যেতে হবে।”
রাজস্ব ব্যয়
রাজস্ব ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণের তথ্য অনুযায়ী, নতুন বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ৯০ কোটি টাকা।
চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২১ হাজার ৬৪০ কোটি টাকা, সংশোধিত বাজেটে তা সামান্য কমে ২১ হাজার ৫২২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পণ্য ও সেবা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ১১ হাজার ৭৭২ কোটি টাকা।
ভর্তুকি ও চলতি স্থানান্তর খাতে নতুন বাজেটে ৩৮ হাজার ৬২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয় ৩৪ হাজার ৬৪২ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৩৭ হাজার ৬৫৩ কোটি টাকা করা হয়েছে।
এছাড়া থোক বরাদ্দ বাবদ রাজস্ব বাজেটে এবার ১ হাজার ৫৯৪ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ১ হাজার ১৯৯ কোটি টাকা।
তথ্য অনুযায়ী, দুই বছরের ব্যবধানে রাজস্ব খাতে সরকারের ব্যয় বেড়েছে ২২ হাজার কোটি টাকার বেশি।
২০১০-১১ অর্থবছরের এই খাতে সরকারের মোট ব্যয় হয়েছিল ৭৭ হাজার ৪৬৭ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে তা বেড়ে হয়েছে ৯১ হাজার ৮২৩ কোটি টাকা। আর নতুন বাজেটে এই ব্যয় ধরা হয়েছে ৯৯ হাজার ৯৬ কোটি টাকা।
ঋণের চিত্র
এবারের ৫২ হাজার ৬৮ কোটি টাকার ঘাটতি বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ব্যাংক থেকে নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। আর ব্যাংক বহির্ভূত উৎস অর্থ্যাৎ সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে নেওয়া হবে ১০ হাজার ৪৮৪ কোটি টাকা।
নতুন বাজেটে বৈদেশিক উৎস থেকে ২০ হাজার ৩৯৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চলতি অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা (ব্যাংক থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা) ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সংশোধিত বাজেটে তা বেড়ে ৩৪ হাজার ৪৬৯ কোটি টাকায় (ব্যাংক থেকে ২৯ হাজার ১১৫) ঠেকেছে।
২০১০-১১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ৩০ হাজার ৫৮৯ কোটি টাকা ঋণ নিয়েছিল, যার মধ্যে ব্যাংক থেকে নেওয়া হয়েছিল ২৫ হাজার ২১০ কোটি টাকা।
সরকারের ব্যাংক ঋণের সমালোচনা করে আসছে ব্যবসায়ীরা। তারা বলছেন, এর ফলে বিনিয়োগের জন্য বেরসরকারি খাতের অর্থে টান পড়ে। আগামী অর্থবছরে ঋণের লক্ষ্যমাত্রা কমানোর সুপারিশও করেছে এফবিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৫৭ ঘ.
bdnews24