ঢাকা, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছর ৭ দশমিক ২ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২০ শতাংশ পয়েন্ট বেশি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।
২০১৪-১৫ অর্থবছর নাগাদ এই হার ৮ শতাংশে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করনে অর্থমন্ত্রী।
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ।
অবশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থবছরের নয় মাসের (জুলাই-মার্চ) হিসাব ধরে জিডিপির যে তথ্য প্রকাশ করেছে, তাতে ৬ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব ব্যাংকও বলেছে, এবার বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলেছে।
২০০৯-১০ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬২৮ ঘ.
bdnews24