ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
বুধবার রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
পাশাপাশি মজিনা গার্মেন্ট খাতে শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে এ শিল্পের ভবিষ্যৎ রপ্তানির বিষয়ে সতর্ক করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “শুল্কমুক্ত প্রবেশাধিকার এমন একটি ইস্যু যা টিকফার ফোরামে তোলা হবে। সেখানেই নির্ধারিত হবে শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি।”
টিকফা চুক্তি সইয়ের ক্ষেত্রে বিলম্বের জন্য বাংলাদেশকেই দায়ী করেন তিনি।
“চুক্তি সই না হওয়ার ব্যর্থতাকে ওয়াশিংটন দেখছে ‘আন্তর্জাতিক শ্রম নীতি থেকে বাংলাদেশের পিছু হটার ফল হিসেবে’।”
দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করে আসছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হয়েও বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক গুণতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাম্প্রতিক ঢাকা সফরে এ বিষয়টি তোলা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুল ইসলাম নিহতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন হিলারি ক্লিনটন।
বাংলাদেশ পসন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল বাইপাইল থেকে নিখোঁজ হন। ২০০৬ সাল থেকে তিনি এই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এএল/১৮৪৭ ঘ.
bdnews24