২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের ফাঁদে দিনাজপুরের লিচু

রংপুর বিভাগে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ফাঁদে পড়ে দিনাজপুরের লিচু বাজারে ধস নেমেছে। দ্রুত পচনশীল হওয়ায় ধর্মঘটের প্রথমদিনই লিচুর দর পড়ে গেছে অর্ধেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মোর্শেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিনাজপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ফাঁদে পড়ে দিনাজপুরের লিচু বাজারে ধস নেমেছে। দ্রুত পচনশীল হওয়ায় ধর্মঘটের প্রথমদিনই লিচুর দর পড়ে গেছে অর্ধেক। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল থেকে রংপুর বিভাগের ৫৮টি রুটে টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে ঢাকাসহ সব জেলার সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দিনাজপুরের লিচুর দেশব্যাপী নামডাক থাকায় এখানকার লিচুর দাম স্বাভাবিকভাবে থাকে বেশ চড়া। সোমবারও মাদ্রাজি, চায়নাথ্রি ও বোম্বাই জাতের প্রতি শ’ লিচু ২০০/২৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বেদানা জাতের লিচু বিকিয়েছে ৬শ’ থেকে ৭শ’ টাকায়। আর মঙ্গলবার ধর্মঘট শুরু হতেই সাধারণ জাতের লিচুর দাম প্রতি শ’ ১১০/১২০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। বেদানার দাম নেমে এসেছে প্রতি শ’ ৪শ টাকায়। দিনাজপুর মাশিমপুরের লিচু বাগান মালিক আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহটি মূলত লিচু বিক্রির ভরা মৌসুম। তবে কয়েকদিন বৃষ্টি হওয়ায় লিচুতে পোকা লাগতে শুরু করায় গাছে লিচু রাখা যাচ্ছে না। আর ধর্মঘটের কারণে দেশের কোথাও লিচু পাঠাতে না পারায় চরম বিপাকে পড়েছে বিক্রেতারা। লিচুর পাইকারি বিক্রেতা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকসান থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে অর্ধেক দামে ভ্যানে করে লিচু বিক্রি করতে হচ্ছে। শহরের থানা মোড়ের পাইকারি লিচু বিক্রেতা লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবহন ধর্মঘট ৭২ ঘণ্টাই অব্যাহত থাকলে লিচুতে এবার তাদের বড় ধরনের লোকসান গুণতে হবে। অবশ্য লিচুর দাম পড়ে যাওয়ায় খুশি দিনাজপুরের সাধারণ মানুষ। লিচু ক্রেতা রঞ্জিত সরকার ও ব্যাংক কর্মচারী রবিউল ইসলাম জানান, দাম পড়ে যাওয়ায় বেদানা জাতের লিচুর রসের স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬৫২ ঘ.