ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের বেশি সময় ধরে দুই অঙ্কের কোঠায় থাকা মূল্যস্ফীতির হার এপ্রিলে এক অঙ্কের কোঠায় নামার পর মে মাসে আরো কমেছে।
মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি হওয়ায় পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ সহনীয় পর্যায়ে বলে মনে করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। মার্চে ছিল ১০ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিদায়ী মহাপরিচালক শাজাহান আলী মোল্লা মঙ্গলবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
এতে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে এই হার ১২ দশমিক ৭২ শতাংশ।
খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার গত এপ্রিল মাসে ছি ৮ দশমিক ১২ শতাংশ এবং গত বছরের মে মাসে ছিল ১৩ দশমিক ১৬ শতাংশ।
খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার গত এপ্রিল মাসে ছিল ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং গত বছরের মে মাসে ছিল ৪ দশমিক ৭৮ শতাংশ।
গত বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ২০ শতাংশ।
বিবিএসের পরিসংখ্যানে বলা হয়, গত বছরের জুন মাস থেকে গত মে মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এর আগের বছর তা ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ।
গত বছরের মে মাসের তুলনায় গত মে মাসে মজুরি ১৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে জানিয়ে বিবিএস মহাপরিচালক শাজাহান মোল্লা বলেন, “মূল্যস্ফীতি কমেছে এবং মজুরি বেড়েছে। মজুরি বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্যস্ফীতির হারকে সহনীয় বলা যায়।”
বিবিএসের হিসাবে, গত মে মাসে গ্রাম পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৩০ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে এই হার ১২ দশমিক ৮২ শতাংশ।
শহরে গত মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ১২ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ১৭ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে এই হার ১২ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে মজুরি বৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে নির্মাণ খাত।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে নির্মাণ খাতে মজুরি বৃদ্ধির হার ৩৭ দশমিক ১৩ শতাংশ। আর গত এপ্রিল মাসের তুলনায় বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ।
মজুরি বৃদ্ধির হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি খাত। এ খাতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে বৃদ্ধির হার ১৬ দশমিক ৭৭ শতাংশ। উৎপাদনশীল খাতে মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মজুরি বৃদ্ধির হার ৯ দশমিক ৪৩ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24