ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক বলে বিশ্ব ব্যাংক মনে করলেও দেশীয় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আশঙ্কা, আগামী অর্থবছরে অর্থনীতিতে আরো দুর্যোগ দেখা দিতে পারে।
বাজেটের ঠিক আগে বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে বিশ্ব ব্যাংক তাদের বিশ্লেষন উপস্থাপনের পরদিন সোমবার একই বিষয় নিয়ে নিজের পর্যালোচনা তুলে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
সিপিডির ফেলো ও সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “অর্থনীতির ক্ষেত্রে আগামী অর্থবছর আরো দুর্যোগপূর্ণ হবে। দেশের মধ্যে সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা না থাকলে সরকারের জন্য ওই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক কঠিন হবে।”
অর্থনীতির সূচকগুলো নিয়ে বিশ্ব ব্যাংক ইতিবাচক মনোভাব দেখালেও বিনিয়োগ নিয়ে হতাশা প্রকাশ করেছিল তারা। এই বিষয়ে একই সুর সিপিডিরও।
“সামষ্টিক অর্থনীতির বিশৃঙ্খলা দূর করতে না পারলে বিনিয়োগ বাড়বে না,” বলেন দেবপ্রিয়।
তার মতে, সরকারের সামনে এখন দুটো বড় দায়িত্ব; প্রথমত অর্থনীতি স্থিতিশীল রাখা, দ্বিতীয়ত প্রবৃদ্ধির ধারা বেগবান করা।
সিপিডির প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিদায়ী অর্থবছর (২০১১-১২) বর্তমান সরকারের আমলে দুর্বলতম অর্থবছর। এই অর্থবছরে বিনিয়োগের ধারা বেগবান হয়নি। সরকারের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে। জ্বালানি খাত অর্থনৈতিক ব্যবস্থাপনাকে দুর্বল করেছে।
এ পরিস্থিতিতে নতুন অর্থবছরে একই সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা প্রধান ফাহমিদা খাতুন, ডায়লগ প্রধান আনিসাতুল ফাতেমা ইউসুফ, জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষণা সহকারী তৌফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
দেবপ্রিয় বলেন, “অর্থনীতির সঙ্কটের মূল উৎস বিদেশ নয়। দেশের ভেতরে ব্যবস্থাপনার দুর্বলতা বিশেষত আয়-ব্যয়ের হিসাবে বিশৃঙ্খলাই সঙ্কটের প্রধান কারণ। সরকারি ব্যয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, যা সামষ্টিক অর্থনীতিকে নাড়া দিয়েছে।”
সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় অস্থিতিশীলতার জন্য ভর্তুকিকে দায়ী করে আগামী অর্থবছরে সে ধারা থাকবে বলে মনে করছে সিপিডি।
প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, চলতি অর্থবছরের এ পর্যন্ত এনবিআরের আয় বেড়েছে ১৮ শতাংশ। এর বিপরীতে সরকারের ব্যয় বেড়েছে ৩২ শতাংশ। ভর্তুকি বেড়েছে ৭০ শতাংশ। চলতি অর্থবছরে ভর্তুকির চাহিদা ৪০ হাজার কোটি টাকা। এর ১০ হাজার কোটি টাকা আগামী অর্থবছরের বাজেটে স্থানান্তর করা হচ্ছে।
“সরকার যদিও বলছে, আগামী অর্থবছরে ভর্তুকির লক্ষ্যমাত্রা কমানো হবে। তবে সরকার যখন বাজেট বাস্তবায়নে যাবে তখন ব্যয় বেড়ে যাবে এবং অস্থিতিশীলতা বাড়বে,” বলেন দেবপ্রিয়।
মোস্তাফিজুর রহমান বলেন, শেষ হতে যাওয়া অর্থবছরে বৈদেশিক অর্থ ছাড় কম হয়েছে। এজন্য সরকার ব্যাংক থেকে বেশি ধার করেছে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের অর্থছাড় বাড়াতে পারলে অভ্যন্তরীণ উৎস থেকে কম ঋণ নিয়েও সরকার বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়াতে পারবে।
সমাগত বৈদেশিক সাহায্যের ব্যবহার বাড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি কম হবে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাবে চলতি ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছে চূড়ান্ত হিসাবে তা কমে যাবে বলে সিপিডির আভাস।
দেবপ্রিয় বলেন, “শিল্প ও সেবা খাতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, তা কমবে। কেননা অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে এই দুই খাতের অবস্থার অবনতি হয়েছে। তবে বোরোর ফলনের চূড়ান্ত হিসাব পাওয়া গেলে কৃষিতে প্রবৃদ্ধি বাড়বে। তবে সব মিলিয়ে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি কম হবে।”
বিনিয়োগে স্থবিরতা
বেসরকারি বিনিয়োগের চিত্র তুলে ধরে সিপিডির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক হিসাবে চলতি অর্থবছরে বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে জিডিপির ১৯ দশমিক ১ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৯ দশমিক ৫ শতাংশ।
দেবপ্রিয় বলেন, “উদারভাবে দেখলে বলতে হবে, বিনিয়োগ স্থবির হয়ে গেছে। সমালোচনার দৃষ্টিতে দেখলে বলতে হবে, বিনিয়োগ কমে গেছে। অর্থনীতির সব সূচকই বলছে, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি অনেক দুর্বল হয়ে পড়েছে।”
সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়ায় ব্যক্তিখাতে ঋণপ্রবাহ সঙ্কুচিত হয়েছে বলে মনে করেন তিনি।
দেবপ্রিয় আরো বলেন, “আরেকটি আশঙ্কার বিষয় হল, বিদেশি বিনিয়োগকারীরা যে পরিমাণ নতুন বিনিয়োগ করছেন, মুনাফা, রয়্যালিটি ও অন্যান্য আকারে নিয়ে যাচ্ছেন তার চেয়ে বেশি পরিমাণ অর্থ।”
“চলতি অর্থবছরের ৯ মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ৫৫১ মিলিয়ন ডলার। বিনিয়োগকারীরা দেশের বাইরে নিয়ে গেছেন ৫৯৩ মিলিয়ন ডলার। তারা মুনাফা থেকে পুনরায় বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছেন না। এই প্রবণতা অশনি সঙ্কেত,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৪৪ ঘ.
bdnews24