২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪ প্রতিষ্ঠানকে বিদেশি ঋণ অনুমোদন

বেসরকারি খাতের আরো চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, ০৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতের আরো চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। এ ধরনের ঋণ অনুমোদনের ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমবে বলে মনে করছেন গভর্নর আতিউর রহমান। রোববার গভর্নরের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন বিষয়ে গঠিত বাছাই কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে চার প্রতিষ্ঠানকে এই ঋণ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে- ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (২ কোটি ডলার), অ্যাকরন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (১ কোটি ৫০ লাখ ডলার), ডিএনভি ক্লোদিং লিমিটেড (৪০ লাখ ডলার) এবং ইমামি বাংলাদেশ লিমিটেড (৬০ লাখ ডলার)। এই ঋণের জন্য প্রতিষ্ঠানগুলোকে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে অতিরিক্ত ৪ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। গভর্নর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঋণের ফলে একদিকে যেমন বেসরকারি খাতের উদ্যোক্তারা কম সুদে ঋণ পায়, অন্যদিকে রিজার্ভের ওপরও চাপ কম পড়ে।” এর ধরনের ঋণ নিতে উদ্যোক্তাদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শিল্প খাতে ১৪ শতাংশের নিচে কোনো ব্যাংক ঋণ পাওয়া যায় না। এর আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশি ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৫১ ঘ.